২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়া পৌর নির্বাচন সোমবার, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

কক্সবাজারের আলোচিত চকরিয়া পৌরসভা নির্বাচন আগামীকাল। নির্বাচন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভিন্ন মহল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

নির্বাচনকে ঘিরে সাধারন মানুষ ও প্রার্থীদের মাঝে যে উত্তাপ চলছে তাতে নতুন মাত্রা যোগ করেছেন কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এম.পি।

জেলা আওয়ামীলীগ রোববার এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন যোগাযোগ প্রতিমন্ত্রী গত শনিবার নির্বাচন ইস্যুতে ঐদ্ধত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বর্তমান পৌর চেয়ারম্যান ও এবারেরও চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল হাকিম দুলালের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি বলেছেন, তিনি বেঁচে থাকতে জাফর আলমের (নাগরিক কমিটির চেয়ারম্যান প্রার্থী) মতো দুর্বৃত্ত্বকে চেয়ারম্যান নির্বাচিত হতে দেবেন না।

আওয়ামীলীগ নেতৃবৃন্দ আশংকা প্রকাশ করে বলেন মন্ত্রী তার প্রভাব খাটিয়ে চকরিয়া পৌর নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ হতে দেবেন না। তারা নির্বাচনে ভোট কেন্দ্র দখল ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা প্রকাশ করেন।

অপরদিকে কে.এম ছালাউদ্দিন নামক এক চেয়ারম্যান প্রার্থীকে আগে চার দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসাবে ঘোষনা করা হলেও শনিবার যোগাযোগ প্রতিমন্ত্রী বর্তমান চেয়ারম্যান দুলালকে জোটের প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। ফলে সাধারন মানুষও শংকিত হয়ে উঠেছেন, নির্বাচনে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

নানা অনিশ্চয়তার পর অবশেষে সুপ্রীম কোর্টের আদেশে এ নির্বাচন এবার অনুষ্টিত হচ্ছে বলে সাধারণ ভোটারদের মনে যে আস্থার জন্ম নিয়েছিল শেষ মুহূর্তের নানা নাটকীয়তায় তা আশংকায় রূপ নিয়েছে।