২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে আরও ৭ জন গ্রেপ্তার, জেএমবি সামরিক শাখার প্রধানকে ধরতে ঢাকায় অভিযান

জামা’আতুল মুজাহিদীন এর শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের ছোট ভাই এবং সংগঠনের সামরিক শাখার প্রধান আতাউর ওরফে হাসানকে ধরতে শুক্রবার রাতে নগরীর পাঁচটি বাড়িতে গোয়েন্দা কর্মকর্তারা হানা দিয়েছে। তবে এসব বাড়ি থেকে কাউকে আটক করা যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এদিকে ১৭ আগস্ট দেশকাঁপানো বোমা হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা শনিবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত সন্দেহভাজন ইসলামী জঙ্গিকে গ্রেফতার করেছে।

এর মধ্যে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে তিন, ঢাকায় দুই ও জয়পুরহাট ও বাগেরহাটে একজন করে গ্রেফতার করা হয়।

বিডিনিউজ-এর রাঙ্গামাটি প্রতিনিধি জানান, জেলার বরকল থানার দুর্গম ভূষণছড়া এলাকা থেকে পুলিশ ও গোয়েন্দারা (ডিবি) শনিবার অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজন ইসলামী জঙ্গিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, এবায়দুর রহমান (২২), রুহুল আমিন (৩৫) এবং রফিকুল ইসলাম (৪২)। গ্রেফতারকৃতদের কাছ থেকে আহলে হাদীস সংগঠনের বেশকিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এবায়দুর রহমান স্থানীয় মসজিদের ইমাম।

এদিকে রাজধানীর বাড্ডার বেরাইত থেকে আটক করা হয়েছে মোশাররফ (৩০) নামের এক যুবক এবং নামাপাড়া থেকে পলাতক জঙ্গি সামাদের শ্বশুর বসিরউদ্দিনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, দক্ষিণ বেরাইতের একটি মসজিদের ইমামের ঘনিষ্ঠ মোশাররফকে আটক করা হয়েছে। ওই ইমামকেও পুলিশ খুঁজছে।

আটক বসিরউদ্দিন একজন মুদি দোকানী। তার বাসা থেকে ইসলামী কিছু পুস্তকও উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ-এর জয়পুরহাট প্রতিনিধি জানান, পুলিশ জেলা সদর থেকে শনিবার গ্রেফতার করে এরশাদুল বারি মিন্টু (২৫) নামে আরেক ব্যাক্তিকে। তার পিতার নাম মনির হোসেন।

বাগেরহাট সংবাদাতা জানান, গ্রেপ্তারকৃত জঙ্গি জুবায়েরকে সাত দিনের রিমান্ড শেষে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে দাউদ শেখ নামে অপর এক যুবককে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, শুক্রবার গভীর রাতে রাজধানীর কয়েকটি প্রিন্টিং প্রেসে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা হানা দিয়েছে। তবে এসব অভিযান ব্যর্থ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ওইসব প্রিন্টিং প্রেস থেকেই জেহাদ সম্পর্কিত পুস্তক প্রকাশ করা হয়েছিলো বলে সূত্র দাবি করে। তবে কোন কোন প্রেসে অভিযান চালানো হয়েছে, তা প্রকাশ করতে অপারগতা প্রকাশ করা হয়।

গোয়েন্দা ও র‌্যাব কর্মকর্তারা জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সংগৃহীত তথ্য এবং আতাউর রহমান ওরফে সানি ওরফে হাসানের বাড়ি থেকে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মতে এ অভিযান চালানো হয়।

‘হাসানকে গ্রেপ্তার করা গেলেই ১৭ আগস্টের বোমা হামলার পুরো জট খুলে যাবে। কারণ সে-ই ঢাকা থেকে ধারাবাহিক বোমা হামলার সবকিছু নিয়ন্ত্রণ করেছিলো’, গোয়েন্দা সূত্র জানায়।

র‌্যাবের একজন শীর্ষ কর্মকর্তা দাবি করেন, জামা’আতুল মুজাহিদীনের সামরিক শাখার প্রধান আতাউর রহমান ওরফে হাসান ঢাকাতেই আছে এবং তাকে ধরার জন্যে রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় ব্যাপক অভিযান চালানো হয়েছে।

র‌্যাব এর লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মাসুক হাসান আহমেদ বিডিনিউজকে জানান, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন স্থান থেকে যে পাঁচ জনকে ধরা হয়েছে, তাদের কাছ থেকে খুব বেশি তথ্য পাওয়া যাবে না। কারণ তারা এত নিম্নপর্যায়ের কর্মী যে, তারা যা বলেছে তার চেয়ে বেশি কিছু তারা জানেও না।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে ঢাকায় ৮ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত পাঁচ জন নগরীর কয়েকটি বাড়ির কথা বলেছে। সেসব জায়গায় অভিযান চালিয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামা’আতুল মুজাহিদীন প্রধান শায়খ আব্দুর রহমানের ভাইয়ের বাসা থেকে ৮ সেপ্টেম্বর দুই শতাধিক তাজা বোমা, ৯০০ বোমা তৈরির নানা সরঞ্জাম এবং বিস্ফোরক উদ্ধার করা হয়।

জামা’আতুল মুজাহিদীনের আইটি শাখার প্রধান ও হবিগঞ্জে আটক জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীরের ছেলে শামীমের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাদের আটক করে।