২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন চারদলীয় জোট ও জাতীয় পার্টির ৩৬ জন মহিলা সাংসদ

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে চারদলীয় জোট ও জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নে নবনির্বাচিত ৩৬ জন সাংসদ সোমবার শপথ গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সংসদ ভবনের শপথ কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার তাদের শপথ বাক্য পাঠ করান।

এর আগে ৩ সেপ্টেম্বর এদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ওই দিনই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

সংসদের ৪৫টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে বাকী নয়টি বিরোধী দল আওয়ামী লীগের জন্য বরাদ্দ রয়েছে। কিন্তু আওয়ামী লীগ কোনো প্রার্থী না দেওয়ায় ওই সব আসনে কেউ নির্বাচিত হয়নি। নির্বাচন কমিশন ওই আসনগুলোতে শিগগিরই নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।

সোমবার সংসদ ভবনে শপথ গ্রহনকারি সাংসদদের মধ্যে রয়েছেন বিএনপি থেকে নির্বাচিত ৩০ জন, জামায়াতে ইসলামীর ৩ জন, জাতীয় পার্টির (এরশাদ) দুই জন এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটের একজন।

নির্বাচিত ৩৬ নারী এমপির মধ্যে ৩০ জন ক্ষমতাসীন বিএনপির, জামাতের তিনজন, জাতীয় পার্টির (এরশাদ) দুইজন এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একজন।

বিএনপির সাংসদরা হলেন সারওয়ারী রহমান, সেলিমা রহমান, শাহরিয়ার আখতার হোসেন, খালেদা পান্না, রাবেয়া চৌধুরী, খালেদা রব্বানী, ইয়াসমিন আরা হক, বেগম শামসুন নাাহার খাজা আহসানউল্লাহ, বিলকিস ইসলাম, রওশন আরা ফরিদ, শাহানা রহমান রানী, হেলেন জেরিন খান, রোজি কবির, নূরে আরা সাফা, সৈয়দা নার্গিস আলী, চমন আরা, আবেদা চৌধুরী, রেহানা আক্তার রানু, অ্যাডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদা, বিলকিস আক্তার জাহান শিরিন, রীনা পারভিন, নূর আফরোজ জ্যোতি, হোসনে আরা গিয়াস, তাসমিন রানা, কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের, রোকেয়া আহমেদ লাকী, সুলতানা আহমেদ, নূরজাহান ইয়াসমিন, রায়হান আখতার বানু এবং জাহান পান্না।

জামাতের তিন সাংসদ হলেন শাহানারা বেগম, সুলতানা রাজিয়া এবং ডা. আমেনা বেগম। জাতীয় পার্টির (এরশাদ) সাংসদরা হলেন মেরিনা রহমান এবং সৈয়দা রাজিয়া ফয়েজ। বিজেপি (মতিন) ও ইসলামী ঐক্যজোটের একমাত্র সাংসদ হলেন নাভীলা চৌধুরী। নাভীলা চৌধুরী বিজেপি থেকে মনোনয়ন পেলেও তিনি বিএনপির নেত্রী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ, হুইপ আশরাফ হোসেন, জাতীয় পার্টির (এরশাদ) সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদসহ সাংসদ ও উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও নবনির্বাচিত সাংসদ বেগম সেলিমা রহমান বলেন, দেশ ও জনগণের সেবা করার জন্য রাজনীতি করি। সাংসদ হিসেবে এ দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও মানুষের সেবা করাই আমার লক্ষ্য।

সাংসদ বেগম শামসুন নাহার খাজা আহ্সানউল্লাহ বলেন, দেশ ও জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন কর্মসূচি এগিয়ে নিতে কাজ করবো।

অ্যাডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদা বলেন, এবারই প্রথম নয়, এর আগেও সাংসদ ছিলাম। সাংসদ হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করবো। নিজের ওপর অর্পিত কাজ সততা ও দক্ষতার সাথে করার চেষ্টা করবো।

শপথের পর আনুষাঙ্গিকতা শেষে বিএনপি মনোনয়নে নির্বাচিত মহিলা সাংসদরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।