খন্দকার মোশাররফ ও গয়েশ্বরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে এসসিবিএ
হাইকোর্টের রায় নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ এবং বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর রায়ের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এসসিবিএ’র দক্ষিণ হলে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে বলা হয়, প্রশাসনের ধৃষ্টতাপূর্ণ আচরণে নীরব থেকে প্রধান বিচারপতি বিচার বিভাগের মর্যাদা অক্ষুণœ রাখতে ব্যর্থ হয়েছেন। বিচারপতির এ ধরনের নীরবতাকে দুঃখজনক বলে অভিহিত করে এসসিবিএ।
বৈঠকে গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১ সেপ্টেম্বর ড. খন্দকার মোশাররফ হোসেন এবং গয়েশ্বর চন্দ্র রায় হাইকোর্টের বিরুদ্ধে অন্যায়, অসঙ্গত এবং অবমাননাকর বক্তব্য রেখেছেন।
এসসিবিএ’র বৈঠকে বলা হয়, এক সভায় খন্দকার মোশাররফ হোসেন হাইকোর্টের রায়কে বিশাল চক্রান্তের একটা ক্ষুদ্র অংশ বলে উল্লেখ করেন এবং গয়েশ্বর চন্দ্র রায় হাইকোর্টের রায়কে একটি ছোট বোমা হিসেবে উল্লেখ করে বলেন, এই বোমা জাতিকে অস্বস্তি ও আতঙ্কের মধ্যে ফেলেছে।
এসসিবিএ’র বৈঠকে আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য খন্দকার মোশাররফ ও গয়েশ্বর চন্দ্র রায়ের নিন্দা করা হয়।
গোয়েন্দা সংস্থার সদস্য কর্তৃক বিচার কার্যক্রম ব্যাহত করার ঘটনার পর কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ারও নিন্দা জানানো হয়।
বিচারপতি এবিএম খায়রুল হক এবং বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী এবং খন্দকার মোশতাক আহমেদ, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতা গ্রহণের বিষয়টিকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করে একটি রায় প্রদান করে।
গত ৩১ আগস্ট আদালত চলাকালে সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই বেঞ্চের বিচারককে তাদের সাথে আলাপ করতে বাধ্য করে। এসসিবিএ বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানায়।
এসসিবিএ সভাপতি মাহবুবে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসসিবিএ’র সাবেক সভাপতি অ্যাড. আবুল বাসেত মজুমদার, অ্যাড. ওজায়ের ফারুক, অ্যাড. সুব্রত চৌধুরী, এসসিবিএ সেক্রেটারি অ্যাড. ইনায়েতুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।
