২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামের নামে যারা দুই নম্বর রাজনীতি করে, আল্লাহ তাদের ফেরাউনের মতো ধ্বংস করে দেবে: ড. কামাল

ড. কামাল হোসেন বলেছেন, ইসলামের নামে যারা দুই নম্বর রাজনীতি করে, আল্লাহ তাদের ফেরাউনের মতো ধ্বংস করে দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

২১ আগস্ট স্মরণে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিান একথা বলেন। বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী যুব লীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।

সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট, ২১ আগস্ট ও ১৭ আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। ১৫ আগস্টের ঘটনার পর যারা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টা করে যাচ্ছে, এসব ঘটনা তারাই ঘটিয়েছে। এসব বোমা ও গ্রেনেড হামলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো হচ্ছে ক্ষমতার লেনদেনের খেলা।

আলোচনায় অংশ নেন বিশিষ্ট আইনজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগর প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ওবায়দুল কাদের, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবে আলম, যুব লীগের মহিউদ্দিন আহমেদ, নুরুন্নবী শাওন প্রমুখ।

ড. কামাল হোসেন বলেন, দেশের মানুষ আজ অন্ধকারের মধ্যে রয়েছে। দেশে ভয়াবহ সন্ত্রাসের ঝড় বয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক গোষ্ঠী জাতিকে বোমা ও গ্রেনেড মেরে সুবিধা বঞ্চিত করতে চায়। তারা বোকার স্বর্গে বাস করছে। বাঙালি জাতির ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। বাঙালি ও বাংলার মানুষের মধ্যে পারমানবিক শক্তি রয়েছে। তারা চক্রান্তকারীদের জ্বালিয়ে, পুড়িয়ে দেবে।

তিনি জাগ্রত বিবেক ও দেশ গড়ার রাজনীতি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জনগণকে ক্ষমতার মালিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সকল মানুষ যেন স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সে জন্যে যুব সমাজকে কাজ করতে হবে। ন্যায়ের পক্ষে গড়ে ওঠা ঐক্যকে সুসংহত করতে হবে।

আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর খুনিরাই ২১ আগস্টের ঘটনা ঘটিয়েছে। তারাই আজ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। তাই এক বছরেও এর তদন্ত ও বিচার হয়নি। ১৭ আগস্টের ঘটনা ঘটিয়েছে নিজামীর নেতৃত্বে মুজাহিদীনের সদস্যরা। এরা আরও ঘটনা ঘটাবে। তাই তাদের রুখে দাঁড়াতে হবে। দেশে অসাম্প্রদায়িক গোষ্ঠীকে ক্ষমতায় আনতে হবে।

রাশেদ খান বলেন, দেশ আজ ভয়াবহ বিপদের সম্মুখীন। এ বিপদ থেকে রক্ষা পেতে আমাদের ঐক্যকে আরও শক্তিশালি করতে হবে। বারবার আমাদের রক্তের সিঁড়ি বেয়ে ঐক্যবদ্ধ হতে হয়েছে। এখান থেকে আমাদের পালিয়ে যাওয়ার সুযোগ নেই। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের বিজয় অর্জন করতে হবে।

হাসানুল হক ইনু বলেন, পারিবারিক রাজত্ব ও সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব বোমা ও গ্রেনেড হামলা হচ্ছে। নিজামীর কাছে এসব হামলার ব্যাপারে অনেক তথ্য রয়েছে। তাকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই প্রকৃত রহস্য বের হয়ে আসবে।