দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
গণতন্ত্র সুসংহত ও দারিদ্র্য নিরসনে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট পল উলফোভিৎসের আহ্বানের প্রেক্ষিতে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অভ্যন্তরীণ সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে।
রোববার বিকেলে শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে অনুষ্ঠিত বৈঠক শেষে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, দরিদ্র জনগণকে সাহায্য করার উদ্দেশ্যে সকলকে ঐক্যবদ্ধ করা গেলে বাংলাদেশের আরও অগ্রগতি সাধিত হবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রতি যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার জন্যে আমি এসেছি। বাংলাদেশের সফলতা মানেই আমাদের সফলতা।
একুশ আগস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট শহীদদের প্রতি তার সমবেদনা জানান। তিনি বলেন, আমি আশা করি, ওই ঘটনার জন্য দায়ীদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে।
রাজনীতিতে অনৈক্য ও হিংসা হানাহানির কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, দেশের বাইরে থেকে এসে কেউই আমাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করতে পারবে না। আমাদের নিজেদেরই সমস্যা সমাধান করতে হবে।
শেখ হাসিনা বলেন, নির্বাচনী আইন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে ১৪ দলের ব্যানারে আমরা আন্দোলন করে যাচ্ছি।
তিনি বলেন, ১৪ দলের দাবি মেনে নেয়া হলে সকল সমস্যা কেটে যাবে। তখন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সংসদও কার্যকর হবে।
নিরাপত্তার স্বার্থে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট নির্ধারিত সময়ের ৫০ মিনিট আগেই সুধাসদনে এসে হাজির হন। এসময় তার গাড়িতে কোনো পতাকাও ছিল না।
বিকেল ৩টায় শুরু হওয়া শেখ হাসিনা ও উলফোভিৎসের মধ্যকার রুদ্ধদ্বার বৈঠক চলে এক ঘন্টারও বেশি সময়।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এমপি, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৈঠকে উপস্থিত ছিলেন।
পল উলফোভিৎস ও শেখ হাসিনা উভয়ই আসন্ন সাধারণ নির্বাচনকে জাতির জন্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন।
বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
সাবের হোসেন চৌধুরী বলেন, বৈঠকে শেখ হাসিনা বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তার দলের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন এবং আগামীতে ক্ষমতায় গেলে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান।
