দেশব্যাপী বোমা হামলায় জামা’আতুল মুজাহিদীনের ৩০০০ প্রশিক্ষিত কর্মী অংশ নিয়েছে
দেশব্যাপী বুধবারের সিরিজ বোমা হামলায় জামা’আতুল মুজাহিদীনের প্রায় ৩০০০ প্রশিক্ষিত কর্মী অংশগ্রহণ করেছে। চলতি মাসের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেশের বিভিন্ন স্থান ছাড়াও মায়ানমারের মুসলিম বিদ্রোহী গ্রুপের ক্যাম্পেও বোমা হামলার প্রশিক্ষণ গ্রহণ করেছে এসব জঙ্গি।
জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) জিজ্ঞাসাবাদের জন্যে আনা জামা’আতুল মুজাহিদীনের কয়েকজন সদস্য রোববার পর্যন্ত জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।
সূত্র জানায়, রোববারের জিজ্ঞাসাবাদে জেআইসির কর্মকর্তারা মূলত, বোমার উৎস, খরচ এবং কারা এসব বোমা বানিয়েছে, এ সম্পর্কিত প্রশ্ন করেছে আটক জঙ্গিদের।
আটক জামা’আতুল মুজাহিদীনের এক সদস্যের বরাত দিয়ে জেআইসির এক কর্মকর্তা জানান, বিভিন্ন সময় এসব জঙ্গিকে জিহাদ সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়ার জন্যে মওলানা নবী এবং মাওলানা আজহার নামের এক সুদানী এবং এক পাকিস্তানী বাংলাদেশে এসেছিলো।
অবশ্য এ দুই মাওলানা এখন কোথায় আছে, সে সম্পর্কে জেআইসি সূত্র কোনো তথ্য দিতে পারেনি।
জিজ্ঞাসাবাদে আটককৃতদের কয়েকজন জানায়, বোমা হামলার সময় প্রতি স্পটে তিন জনের দুটি করে দল অবস্থান নেয়।
এদের একজন টার্গেট করা স্থানে বোমা পেতে রাখে এবং দুজন লিফলেট ছড়িয়ে রাখার দায়িত্ব নেয়। অন্য দলের দুজন দূরে দাঁড়িয়ে চারদিকে নজরদারি রাখে এবং অপর একজন মোবাইলে যোগাযোগ রক্ষা করে। হামলাকারীর প্রত্যেককে ১,৫০০ টাকা করে দেওয়া হয় বলে কয়েকজন জিজ্ঞাসাবাদে স্বীকার করে। বোমা হামলার দুদিন আগে তাদের কাছে লিফলেট পৌঁছে দেওয়া হয় বলে তারা স্বীকার করে।
জেআইসির একজন কর্মকর্তা জানান, সে হিসেবে দেশব্যাপী ৫০০ স্পটে অংশগ্রহণকারী ৩০০০ বোমাবাজকে হামলার জন্যে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
তবে আটককৃতরা তাদের ওপরের একজন বস ছাড়া সর্বোচ্চ বস সম্পর্কে বেশি তথ্য দিচ্ছে না বলে জানা যায়।
জেআইসির একজন কর্মকর্তা জানান, ওরা ‘কাট আউট’ পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ ইমিডিয়েট বস ছাড়া অনেকেই সর্বোচ্চ বস সম্পর্কে কিছু জানে না।
এদিকে রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে গোয়েন্দা সংস্থার অভিযান অব্যাহত ছিলো। জামা’আতুল মুজাহিদীনের সাথে জড়িত উত্তরার মাওলানা মাসুদকে ধরার জন্যে তার মাদ্রাসা এবং বাসায় অভিযান চালানো হয়। এছাড়া মাদারিপুরের মওলানা আলী আহমেদকে ধরার জন্যেও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়েছে।
সূত্র মতে, মওলানা আলী আহমেদ আফগান যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। সেখানেই তার সাথে পরিচয় হয় হরকাতুল জেহাদের এক সময়ের নেতা এবং বর্তমানে জামা’আতুল মুজাহেদীনের সক্রিয় নেতা মওলানা আবদুর রউফের।
এদিকে জামা’আতুল মোজাহেদীনের সাথে জড়িত সন্দেহে পল্টন পুলিশ রোববার তোপখানা এলাকা থেকে মেহেদী বাশার নামে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
