দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইন প্রয়োকারীদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সমগ্র দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইনপ্রয়োগকারী সংস্থাসমূহের প্রতি নির্দেশ দিয়েছেন। রোববার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
বৈঠক সূত্র জানায়, ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলার ঘটনার পর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এ নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম মিজানুর রহমান ওই বৈঠকে অংশগ্রহণ শেষে বলেন, মন্ত্রী নগরীতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার জন্যে আমাদের নির্দেশ দিয়েছেন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠিতে জেলা পর্যায়ের কর্মকর্তাদেরও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে নিয়মিত সভা করার নির্দেশ পাঠিয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক) মো. আবদুল হক স্বাক্ষরিত এ চিঠিতে, স্থানীয় পর্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত বৈঠকের জন্যে বলা হয়েছে।
পুলিশের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর বাবর গোয়েন্দা বিভাগের ও র্যাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তবে এ বৈঠক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ কর্মকর্তারা মন্ত্রীকে বোমা হমলার ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
একজন পুলিশ কর্মকর্তা জানান, নগরীর বিভিন্ন স্থান থেকে ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত ৩৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার হয়েছে ১০ জন। তিনি জানান, বৈঠকে গ্রেফতারকৃতদের তালিকাও পেশ করা হয়।
পুলিশের মহা পরিদর্শক আব্দুল কাইউম, ডিএমপি’র চার ডেপুটি কমিশনার, ডিসি ডিবি শহীদুল ইসলাম এবং পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এদিকে বুধবারের ধারাবাহিক বোমা হামলার সাথে জড়িত সন্দেহে ধৃত আরো পাঁচজনকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্যে নেয়া হয়েছে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক) মো. মোহসিন সাংবাদিকদের বলেছেন মোট কত জনকে জেধাইসি’ তে জিজ্ঞাসাবাদের জন্যে নেয়া হয়েছে তা তিনি জানেন না।
