শনিবার ১৪ দলের ডাকে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল
সিরিজ বোমা হামলার প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপসহ ১৪ দল শনিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে।
হরতাল আহ্বানকারীদের অন্যান্য ইস্যুর মধ্যে রয়েছে বোমা হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্ত, দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচার, তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে ১৪ দলের রূপরেখা বাস্তবায়ন এবং জোট সরকারের অপসারণ।
সিপিবিও বোমা হামলাসহ সাত দফা দাবিতে একই দিন পৃথকভাবে হরতাল আহ্বান করেছে। ছাত্র ইউনিয়নসহ বামপন্থী ছাত্র সংগঠন ও ছাত্রলীগ এ হরতালে সমর্থন দিয়েছে।
এদিকে হরতাল মোকাবিলায় তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়েছে ব্যাপক প্রস্তুতি।
হরতাল সফল করতে শুক্রবার সন্ধ্যায় ১৪ দল বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে বৈঠকে মিলিত হয়। বৈঠকে হরতাল সফল করার প্রস্তুতির নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ১৪ দলের নেতাকর্মীদের হরতালে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও হরতালের সমর্থনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এবং ১৪ দল নগরীতে মিছিল করেছে।
হরতাল সফল করতে ১১ দল শুক্রবার গণফোরাম কার্যালয়ে এক সভায় মিলিত হয়। এতে ১১ দলের নেতাকর্মীদের হরতালে রাজপথে থাকার আহ্বান জানানো হয়।
শুক্রবার এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শনিবারের হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম অপর এক বিবৃতিতে তাদের সাত দফা দাবিতে হরতাল সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
