দেশব্যাপী শোক দিবসের কর্মসূচিতে হামলা: সাংবাদিক, পুলিশ ও প্রায় ৪শ’ নেতা-কর্মী আহত
বঙ্গবন্ধুর ৩০ তম শাহাদাৎ বার্ষিকীতে দেশব্যাপী আয়োজিত শোক দিবসের কর্মসূচিতে সরকার সমর্থকদের হামলায় সাংবাদিক, পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর প্রায় চারশ’ নেতা-কর্মী আহত হয়েছে। পুলিশ এ সকল ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে শোক দিবসের কর্মসূচিতে হামলা এবং ভোজের খাবার লুট ও নষ্ট করার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বিডিনিউজ নবাবগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকার দোহার উপজেলায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ দু’শতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে দোহার থানার ওসিসহ চারজনের অবস্থা আশংকাজনক।
বিডিনিউজ-এর দোহার প্রতিনিধি জানান, নির্ধারিত স্থানে শোক দিবসের অনুষ্ঠান করতে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ জনতা নারিশা সড়ক অবরোধ করে সমাবেশ শুরু করে।
সমাবেশের শেষ পর্যায়ে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর বক্তব্য রাখার সময় বিএনপি কর্মীরা সমাবেশের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ এবং বোমা ও গুলিবর্ষণ করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ওসিসহ ২০/২৫ জন গুরুতর আহত হয়।
অপরদিকে বিক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেরানীগঞ্জ সার্কেল এসপি ও দোহার থানার ওসি’র গাড়িসহ চারটি গাড়ি ভাংচুর করে তাতে অগ্নিসংযোগ করে। জনতা দুটি বাস, বেশ কয়েকটি বেবিটেক্সি ও মাইক্রোবাসে ভাংচুর চালায়।
বিএনপি ক্যাডার ও পুলিশের হামলায় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অসীম কুমার উকিল ও মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
জনতা ও পুুলিশের মধ্যে দুই ঘন্টাব্যাপী এ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এসময় নারিশা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, কেরানীগঞ্জে আওয়ামী লীগের শোকদিবসের অনুষ্ঠানে হামলা চালিয়েছে বিএনপি’র নেতা-কর্মীরা। তারা শোকদিবসের তোরণ ভেঙে ফেলে এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর করে।
সূত্র জানিয়েছে, কলাতিয়া ইউপি’র জৈনপুর ও তালেপুরে শোকদিবসের অনুষ্ঠানে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি চানমিয়া অর্ধশত লোক নিয়ে হামলা চালায়। হামলাকারীরারা মন্টু (২৭), কাজল (৩০), আহসান (২৮) ও সুমনসহ (২৫) যুবলীগের নেতাকর্মীদের মারধর করে। এদের মধ্যে গুরুতর আহত মন্টুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া সড়কের এক কিলোমিটার এলাকায় রাস্তার ৩০টিসহ মোট অর্ধশতাধিক তোরণ ভেঙে ফেলে। এছাড়া হামলাকারীরা মাইক ও হাঁড়িপাতিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে।
বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল ও ভোলার বিভিন্ন স্থানে শোক দিবসের কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ শতাধিক আহত হয়েছে। হামলাকারিরা এসময় এক আওয়ামী লীগ কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে।
বরিশালের হিজলায় হামলাকারীরা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। হামলার নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির সদস্য সচিব আলী কারী এবং ছাত্রদল সভাপতি দেওয়ান।
এর আগে সংহতি পাইলট বিদ্যালয় মাঠে প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
এদিকে উপজেলার হরিনাথপুরে শোক দিবসের অপর একটি অনুষ্ঠানে বিএনপি’র হামলায় কমপক্ষে ১০ জন আওয়ামী লীগ নেতা কর্মী আহত হয়েছে।
সূত্র জানায়, সংহতি বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ জাতীয় শোক দিবস এবং বিএনপি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন সহিংসতা এড়াতে ওই স্থানে ১৪৪ ধারা জারি করে। এর ফলে সকাল থেকে উপজেলার কাউরিয়ার মৌলভীরহাটে দু’দলই মুখোমুখি অবস্থান নেয়।
দুপুর ১টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মী আহত হয়। দুপুর ২টার দিকে বিএনপি ক্যাডাররা পিকআপ ও মোটর সাইকেলে করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
এ সময় বিএনপি জোট সমর্থক নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মী সমর্থক সুভাষ চন্দ্র কর্মকারের রগ কেটে দেয়।
স্থানীয় লোকজন জানায়, হামলাকারী এবং বিএনপির ক্যাডাররা আহতদের হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয়।
ঘটনায় আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জলিলুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান, আব্দুর রাজ্জাক শিকদার, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেলায়েত আলী, ইউপি সদস্য হানিফ, সাবেক চেয়ারম্যান নিজামউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম শিকদার, জব্বার ও নেয়ামত প্রমুখ রয়েছে।
এদের হিজলা থানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করে।
এদিকে উপজেলার হরিণাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের শোকসভায় বিএনপি’র নেতাকর্মীরা হামলা চালায় এবং আওয়ামী লীগের দলীয় পতাকায় অগ্নিসংযোগ করে।
এ সময় বিএনপি ক্যাডারদের হামলায় প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা জানায়, শোকসভায় কোরআন তেলাওয়াত চলাকালে হরিনাথপুর ইউনিয়ন বিএনপি একই স্থানে হিন্দি গান বাজাতে শুরু করে। এখান থেকেই হামলার সূত্রপাত ঘটে।
এদিকে জেলার মেহেন্দিগঞ্জে রোববার রাতে বিক্ষিপ্ত বোমাবাজি এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি’র ক্যাডাররা হামলা এবং লুটপাট চালায়। এরপর থেকে আওয়ামী নেতাকর্মীরা গৃহবন্দি হয়ে পড়েছে।
এর জের হিসেবে সোমবার সকাল থেকে মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ এবং তার এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক দিবসের কোন কর্মসূচি পালিত হয়নি।
তবে উপজেলা চত্বরে খালেদা জিয়ার জন্মদিনকে স্বাগত জানিয়ে বিএনপি‘র পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়।
এদিকে বরিশালে আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতাল শিথিলভাবে পালিত হয়েছে।
বরিশাল নগরীতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ পৃথক পৃথকভাবে শোকদিবসের কর্মসূচি পালন করেছে। তবে হরতালে নগরীতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে ভোলার দৌলতখান উপজেলায় রোববার রাতে ১৫ আগস্ট উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের সময় বিএনপি সমর্থকরা মাইক ভাংচুর করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এর জের ধরে বিএনপি সমর্থকরা এলাকায় মহড়া দিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে চলে যায়।
এদিকে লালমোহনের গজারিয়া বাজারে শোক দিবসের অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। লালমোহন পৌরসভায়ও আওয়ামী লীগের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
অন্যদিকে, শোক দিবসের মিলাদে অংশগ্রহণের উদ্দেশে মসজিদে যাওয়ার পথে সোমবার ভোলার বাংলাবাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সফিজল ইসলামকে বেদম মারধর করে গুরুতর আহত করেছে বিএনপি ক্যাডাররা।
স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা এসময় তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। পরে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে।
দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সফিজল ইসলাম আহত অবস্থায় জানান, বিকেল চারটায় শোক দিবসের মিলাদে অংশগ্রহণের জন্যে আজিম রাড়িবাড়ি হাওলা মসজিদে যাওয়ার পথে বিএনপির ১০/১২ জন ক্যাডার তার গতিরোধ করে রিকশায় তুলে এলোপাতাড়ি মারধর করে।
সন্ত্রাসীরা এক পর্যায়ে পিস্তল বের করে গুলি করতে উদ্যত হয়। এসময় তার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় সফিজলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ রাজবাড়ি প্রতিনিধি জানান, রাজবাড়ি সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়ায় বিএনপি কর্মীরা বৃহস্পতিবার বঙ্গবন্ধুর শোক দিবস অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, সকাল ১০টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের পাশে আফড়ায় সাত/আট জনের একদল বিএনপি কর্মী মোটর সাইকেল যোগে এসে শোক দিবস আয়োজনকারীদের ওপর আকস্মিক হামলা চালায় এবং মাইক ও মঞ্চ ভাংচুর করে।
হামলাকারিদের ধারালো খুরের আঘাতে আকরাম (২৫) নামে এক যুবলীগ কর্মী আহত হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণসহ শোক দিবসের সকল কার্যক্রম পণ্ড হয়ে যায়। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, কাজী কেরামত আলী এবং পৌর চেয়ারম্যান মহম্মদ আলী চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষি ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
বিডিনিউজ পঞ্চগড় প্রতিনিধি জানান, ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচি পালন উপলক্ষ্যে মাইকিং করাকে কেন্দ্র করে রোববার রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে দুজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। এরা হচ্ছে-উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাসেরুল এবং সাধারণ কর্মী দুলাল। তারা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শোক দিবস পালন উপলক্ষে বর্তমান উপজেলা কমিটির জাহিদ-মকলেছের নেতৃত্বাধীন নেতাকর্মীরা রোববার সন্ধ্যায় মাইকিং শুরু করে। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের অনুসারি বলে পরিচিত ছাত্রলীগের মানিক-সেলিম গ্রুপের নেতাকর্মীরা বাধা দিলে উত্তেজনা দেখা দেয়।
উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মানিক-সেলিম গ্রুপের নাসিরুল এবং জাহিদ-মকলেছ গ্রুপের দুলাল আহত হয়। পরে আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬টি ইউনিয়নে রোববার রাত ও সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর ক্যাডারদের হামলায় আওয়ামী লীগের ১৫ আগস্টের সকল কর্মকাণ্ড পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় পুলিশ আট যুবককে গ্রেফতার করেছে।
বিএনপি ক্যাডাররা মাইক্রোবাসযোগে সাতটি স্থানে হামলা চালিয়ে গরু ছিনিয়ে নিয়ে যায়। গুনাইঘর ইউনিয়নে মিলাদের জন্যে আনা মিষ্টিও নিয়ে বিএনপি ক্যাডাররা। হামলাকারীরা কাঙালিভোজের জন্যে রান্না করা কয়েক পাতিল খাবার মাটিতে ফেলে দেয়।
স্থানীয় জনগণ অভিযোগ করে, পুলিশ প্রশাসানের প্রত্যক্ষ সহযোগিতায় এ ঘটনা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।
বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, ফেনীর ফুলগাজী উপজেলার গোসাইপুর গ্রামে সোমবার আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, সকালে শোক দিবসের সভা চলাকালে বিএনপি কর্মীরা হামলা চালায়। এতে আওয়ামী লীগ কর্মী সেলিম, বাশারসহ পাঁচজন আহত হয়।
অপরদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ কর্মীরা তাদের কর্মীদের ওপর হামলা করেছে।
বিডিনিউজ লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে ধাওয়া, পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের মধ্য দিয়ে সোমবার শোক দিবস পালিত হয়েছে। এসময় ১০জন পুলিশ এবং শতাধিক নেতা-কর্মী আহত হয়। পুলিশ এ ঘটনায় ১০ জনকে আটক করেছে।
সূত্র জানায়, বেলা তিনটার দিকে জেলা আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় মাদামের ঘাট এলাকায় বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে শোক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের উত্তর বাজার এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
অন্যদিকে উত্তেজিত জনতার ইট-পাটকেল নিক্ষেপে সদর থানার ওসিসহ ১০ পুলিশও আহত হয়।
ঘটনার পর পুলিশ শহরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, দেশের কয়েকটি স্থানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে পৃথকভাবে পালিত হয়েছে জাতীয় শোক দিবসের কর্মসূচি। ঝালকাঠি, পিরোজপুর ও কক্্রবাজারে আওয়ামী লীগের বিবদমান গ্রুপগুলো আলাদাভাবে কর্মসূচি পালন করে।
বিডিনিউজ ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির কাঁঠালিয়া এবং রাজাপুর উপজেলায় পৃথক শোক কর্মসূচি পালিত হয়। সংগঠনের কাঠালিয়া উপজেলা শাখা সভাপতি মো. ফারুক সিকদার এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজির এবং রাজাপুর উপজেলার আহবায়ক বিএইচ হারুন ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ এর চারটি গ্রুপ এসব কর্মসূচির নেতৃত্ব দেয়।
বরিশাল প্রতিনিধি জানান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে পৃথকভাবে কর্মসূচি পালন করে। জসিম উদ্দিন খানের নেতৃত্বে সকাল থেকে শহরে খণ্ড খণ্ড মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতা বক্তব্য রাখেন। অন্যদিকে জেলা সাধারন সম্পাদক একেএম আউয়ালের নেতৃত্বেও পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
কক্সবাজার প্রতিনিধি জানান, শোক দিবসের কর্মসূচি পালনের মধ্য দিয়ে কক্সবাজার আওয়ামী লীগের দলীয় কোন্দল আবার প্রকাশ্য রূপ নিয়েছে। জেলা আওয়ামী লীগ পাবলিক হল প্রাঙ্গনে, জেলা ছাত্রলীগের সভাপতি নূরুল আজিম কনকের উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এবং জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল করিম মাদু ও প্রক্তন ছাত্রলীগ নেতা বর্তমান পৌর কমিশনার মহবুবুর বহমান মাবু’র নেতৃত্বে স্বরস্বতী মন্দির সংলগ্ন মাঠে পৃথক শোক কর্মসূচি পালিত হয়।
