২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ২০০

ঢাকার দোহার উপজেলায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ দু’শতাধিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

আহতদের মধ্যে দোহার থানার ওসিসহ চারজনের অবস্থা আশংকাজনক।

বিডিনিউজ-এর দোহার প্রতিনিধি জানান, নির্ধারিত স্থানে শোক দিবসের অনুষ্ঠান করতে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ জনতা নারিশা সড়ক অবরোধ করে সমাবেশ শুরু করে। সমাবেশের শেষ পর্যায়ে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর বক্তব্য রাখার সময় বিএনপি কর্মীরা সমাবেশের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ এবং বোমা ও গুলিবর্ষণ শুরু করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ওসিসহ ২০/২৫ জন গুরুতর আহত হয়।

অপরদিকে বিক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেরানীগঞ্জ সার্কেল এসপি ও দোহার থানার ওসি’র গাড়িসহ চারটি গাড়ি ভাংচুর করে তাতে অগ্নিসংযোগ করে। জনতা দুটি বাস, বেশ কয়েকটি বেবিটেক্সি ও মাইক্রোবাসে ভাংচুর চালায়।

বিএনপি ক্যাডার ও পুলিশের হামলায় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অসীম কুমার উকিল ও মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

জনতা ও পুলিশের মধ্যে দুই ঘন্টাব্যাপী এ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এসময় নারিশা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।