ভোটার তালিকায় প্রতি ১২ জনে এক জনের নাম ত্রুটিপূর্ণঃ এনডিআই জরিপ
বাংলাদেশের ভোটার তালিকায় প্রতি ১২ জনে এক জনের নাম ত্রুটিপূর্ণ।
ওয়াশিংটন ভিত্তিক ন্যাশনাল ডেমোক্রাটিক ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফোয়ার্স (এনডিআই) পরিচালিত এক জরিপে একথা বলা হয়।
ইউএসএইড’র অর্থায়নে এনডিআই বর্তমান ভোটার তালিকা নিয়ে প্রথম বারের মতো এ ধরণের জরিপ পরিচালনা করে।
জরিপ পরিচালনার ক্ষেত্রে এনডিআই সারাদেশের গ্রাম ও শহরাঞ্চলের ১৫০টি ভোট কেন্দ্রের মোট ৩৪ হাজার ভোটারকে নমুনা নির্বাচন করে।
এনডিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের এ ফলাফলের যৌক্তিকতা প্রমান করতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থা নিজেদের মতো যাচাই করে দেখতে পারে।
জরিপের মূল লক্ষ্য হচ্ছে, বর্তমান ভোটার তালিকায় কি ধরণের ভুল রয়েছে তা নির্ণয় করা, ভুলের উৎসগুলো সনাক্ত করা এবং নতুন ভোটার তালিকার মান কিভাবে উন্নত করা যায়, সে ব্যাপারে পরামর্শ দেয়া।
এনডিআই জানায়, জরিপের ফল ত্রুটিমুক্ত নতুন ভোটার তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে নির্বাচন কমিমনের কাজে সহায়ক হবে।
