সোমবার ১৫ আগস্ট, বঙ্গবন্ধুর ৩০তম শাহাদৎ বার্ষিকী
সোমবার শোকাবহ ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩০ তম শাহাদাৎ বার্ষিকী।
১৯৭৫ সালের এই দিনে একদল উচ্চাভিলাষী উশৃঙ্খল সেনা সদস্য বাঙালি জাতির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
শোকাবহ এ দিনটিতে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও সমবেদনা প্রকাশ করবে।
বঙ্গবন্ধু হত্যার ৩০ বছর পরেও আজো ওই ঘৃণ্য অপরাধের বিচার হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এর বিচার কার্য শুরু হলেও এখনো এই মামলার সুরাহা হয়নি।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে শুধু বঙ্গবন্ধুই নিহত হননি, ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু পরিবারের প্রায় সকলেরই প্রাণ কেড়ে নিয়েছে। সেই সময় প্রবাসে থাকা বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউ রক্ষা পাননি ওই বর্বরতম হত্যাকাণ্ডের কবল থেকে।
নির্মম হত্যাকাণ্ডে শিকার হন বঙ্গবন্ধু পত্নী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তার সাত বছরের শিশুপুত্র শেখ রাসেল, অপর দুই পুত্র শেখ কামাল ও শেখ জামাল, তাদের দুই অন্ত:সত্বা স্ত্রী, বঙ্গবন্ধুর ভাগনে ও মেধাবী রাজনীতিক শেখ মনি, বঙ্গবন্ধুর অপর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাতসহ অনেকেই।
বাংলার মানুষের মুক্তির মহানায়ক, সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে ফরিদপুর জেলার তৎকালিন গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান ও মাতা সাহারা খাতুন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত থাকলেও ১৯৪৩ সালে তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ৫২’র মহান রাষ্ট্রভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৫৩ সালে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে তিনি সাংসদ নির্বাচিত হন এবং কৃষি ও বন মন্ত্রীর দায়িত্ব লাভ করেন। ১৯৬৬ সালে তিনি বাংলার মানুষের অধিকার নিশ্চিত করতে স্বায়ত্বশাসনের দাবিতে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন।
১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হন তিনি। ছয় দফাসহ ১১ দফা দাবি আদায়ে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে বঙ্গবন্ধুসহ ওই মামলার সকল আসামী মুক্তি লাভ করেন। পরে ছাত্র সংগ্রাম পরিষদ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।
১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৯৭১ সালের ৩ জানুয়ারি রেসকোর্স ময়দানে তিনি জনপ্রতিনিধিদের শপথ পরিচালনা করেন।
৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানের জনসমূদ্রে তিনি ঘোষণা দেন, ‘.....এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।...... রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাল্লাহ।’
২৫ মার্চ কালো রাতে তিনি পাকিস্তানী শাসকদের হাতে গ্রেফতার হন এবং তাকে পাকিস্তানের কারাগারে আটকে রাখা হয়। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে গণমানুষের দাবির মুখে পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয়। ১৯৭২ সালে ১০ জানুয়ারি তিনি দেশে ফেরেন।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।
জোট সরকার ক্ষমতায় আসার পর ১৫ আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। সরকারিভাবেও দিনটিকে আর পালন করা হচ্ছে না।
তবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো, জাতীয় পার্টি (জেপি), জাসদ, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের জন্য বিস্তারিত কর্মসূচি নিয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
এ উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে বঙ্গবন্ধুসহ ওই বর্বরতম ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে জাতি যখন শোষণহীন সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত তখনই তাঁকে হত্যা করা হয়।
তিনি বলেন, ওই হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাঙালীর ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও অগ্রযাত্রাকে ধ্বংস করার অপপ্রয়াস চালায়। পরবর্তী সময়ে গণতন্ত্র হত্যা করে দেশে সামরিক একনায়কত্ব প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৬ সালে সুদীর্ঘ দুই যুগ পরে আওয়ামী লীগ দেশ পরিচালনার সুযোগ পেলে সমাজ গঠনে উলে¬খযোগ্য সফলতা অর্জন করে।
তিনি বলেন, ২০০১ সালের কারচুপির মাধ্যমে জোট সরকার ক্ষমতা দখল করে দেশবাসীর ওপর চাপিয়ে দেয় লুটেরা পরিবারতন্ত্র। এই অবস্থা থেকে মুক্তির অঙ্গীকার এবারের শোক দিবসের আহবান। আর এজন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে সময়ের দাবি।
আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে রয়েছে সোমবার বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয়সহ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবি ও সরকারী ছুটি পুনর্বহালের দাবিতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী সর্বাÍক হরতাল।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার অর্ধদিবস হরতাল শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান। বেলা ১টায় বনানী গোরস্থানে শহীদদের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মিলাদ মাহফিল, দুপুর পৌনে ২টা থেকে ৩টা পর্যন্ত মসজিদ, মন্দির, গীর্জায় মিলাদ ও প্রার্থনা এবং দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ।
দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধার্ঘ নিবেদন, জেয়ারত এবং মোনাজাত করা হবে।
মঙ্গলবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কার্য নির্বাহী সংসদের পক্ষ থেকে টুঙ্গী পাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল ও মোনাজাত এবং বিকাল ৪টায় স্মরণসভার আয়োজন করা হয়েছে।
এছাড়া বিভিন্ন সংবাদপত্রে এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
