২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভোটার তালিকার ১৪৬ কোটি টাকার বাজেট পুনরায় অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ

মন্ত্রণালয়ের নির্দেশে নতুন ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশন (ইসি) শনিবার অর্থ মন্ত্রণালয়ে ১৪৬ দশমিক ২৯ কোটি টাকার একটি সংশোধিত প্রস্তাবিত বাজেট পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এর আগে নির্বাচন কমিশন থেকে যথাযথ নিয়ম না মেনে বাজেট পাঠানোর কারণে অর্থ মন্ত্রনালয় বৃহস্পতিবার তা ফেরত পাঠিয়েছিল।

নির্বাচন কমিশন সচিব এসএম জাকারিয়া শনিবার সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত বাজেটের ফাইলটি পুনরায় আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাতে আমার স্বাক্ষর ও একটি সংক্ষিপ্ত বিবরণ সংযুক্ত করা হয়েছে।

এক সপ্তাহের মধ্যে ফাইলটি অনুমোদিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রস্তাবিত বাজেটে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৭৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয় যা ২০০০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি।

কাগজপত্র ছাপার জন্য ২৭ কোটি টাকা এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবদ পাঁচ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়।

অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে, কাগজ খরচ ৪ দশমিক ২০ কোটি টাকা (১২০০ টন) এবং প্রকাশনা খরচ ৫৫ লাখ টাকা।

নির্বাচন কমিশন বৃহস্পতিবার সকালে উপ সচিব মিহির সারওয়ার মোরশেদের স্বাক্ষর দিয়ে কোনও সংক্ষিপ্ত বিবরণ ছাড়াই ১৪৬ দশমিক ২৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেটটি অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।

প্রস্তাবিত বাজেটের ফাইলটি পরীক্ষা নিরীক্ষা করে অর্থ মন্ত্রণালয় তা ফেরত দেয়। তাতে বলা হয়, এত বিপুল অর্থের বাজেট প্রস্তাবে অবশ্যই কমিশনের সচিবের স্বাক্ষর থাকতে হবে।

মন্ত্রণালয় সেসময় ফাইলের সাথে প্রস্তাবিত বাজেটের একটি সংক্ষিপ্ত বিবরণও সংযুক্ত করতে বলে।