দেশব্যাপী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রতীক অনশন ১৭ আগস্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে সরকার বিরোধী আইনজীবীদের ফোরাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) ১৭ আগস্ট দেশের সকল বার প্রাঙ্গণে প্রতীকী অনশন ধর্মঘট পালন করবে।
ধর্মঘট চলবে সকাল ৯ টা থেকে ১০ টা ৩০ পর্যন্ত।
বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাপ্তাহিক মানববন্ধন ও বৈঠকে সভাপতিত্বকালে পরিষদের আহ্বায়ক ব্যরিস্টার এম আমির-উল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
অন্যদিকে, সুপ্রিম কোর্ট শাখা আওয়ামী আইনজীবী পরিষদ একই দাবিতে ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান ফটকে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত মানববন্ধন করবে।
বৈঠকে সমম্বয় পরিষদ নেতৃবৃন্দ বলেন, সরকার সুপ্রিম কোর্টে দলীয়করণের ভেজাল ঢুকিয়েছে।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের (এসসিবিএ) সম্পাদক ইনায়েতুর রহিম বলেন, বিচার বিভাগের ভেজাল দূর করতে ‘মোবাইল কোর্ট’র মাধ্যমে শুদ্ধি অভিযান চালানো প্রয়োজন। বিচার বিভাগের ভেজাল দূর করা না হলে জাতি ধ্বংস হয়ে যাবে।
ডাবল হত্যা মামলার আসামী মহিউদ্দিন আহমেদ জিন্টু কীভাবে ফাঁসির রায় থেকে মুক্তি পেল সে সম্পর্কে কারণ দর্শানোর জন্য তিনি সরকারের বিরুদ্ধে সুয়োমোটো রুল ইস্যু করতে হাইকোর্টের বিচারকদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মাহবুবে আলম, এর সাবেক সভাপতি আব্দ্ুুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু, এডভোকেট নুরুল ইসলাম সুজন, আজহেরুল্লাহ ভুইয়া, জাহিদুল বারী, এসএম রিয়াজুল করিম, সুফিয়া খাতুন, জাহাঙ্গীর হোসেন সেলিম, শেখ আখতারুল ইসলাম, বিএ রশিদ, সিরাজুল হক এবং এসএম আব্দুস সবুর বক্তৃতা করেন।
এসএএসপি বিভিন্ন পেশাজীবী সংগঠন ও আইনজীবীদের সাথে ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত মত বিনিময় করবে। থাকছে সেমিনারের আয়োজন। ‘রাজনৈতিক হত্যা এবং গ্রেনেড হামলার তদন্ত বন্ধ’ , ‘বিনা বিচারে মানুষ হত্যা’, ‘দুর্নীতি ও দুঃশাসনের অরাজকতা’, ‘আইনশৃঙ্খলার অবনতি’, ‘মৌলিক অধিকার ছিনতাই এবং জান ও মালের নিরাপত্তাহীনতা’ ইত্যাদি বিষয় নিয়ে কথা হবে।
এর আগে আইনজীবী পরিষদ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানববন্ধন, কালো দিবস পালন, পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময়সহ ৩৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চারমাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে।
