২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না: আব্দুর রাজ্জাক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া এদেশে আর কোনও নির্বাচন করতে দেয়া হবে না।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

নওগাঁ নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, জোট সরকার বিতর্কিত বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করে আরও একটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় যাওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, কোনওদিনই এ ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সকল দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে এটি প্রতিহত করবে।

তিনি আরও বলেন, সাহায্যের আশায় অর্থমন্ত্রী দেশে খাদ্য ঘাটতি সৃষ্টি করে বিদেশিদের কাছে হাত পেতেও কোনও সাহায্য পাননি। ফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশবাসী আজ দিশেহারা।

তিনি ভেদাভেদ ভুলে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এবং দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যবন্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী জোট সরকারের পতন ঘটানোর জন্যে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বী বকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ বক্তব্য রাখেন।