চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আমজাদকে প্রত্যাহার করুন : প্রধানমন্ত্রীকে মেয়র মহিউদ্দিন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আমজাদ হোসেনকে প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে আবেদন জানিয়েছেন।
আমজাদ হোসেনকে হত্যাকারি এবং দলীয় সমর্থক হিসেবে উল্লেখ করে শনিবার তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর কাছে এক জরুরী ফ্যাক্স বার্তায় মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম মেট্রোপিলিটন পুলিশের কমিশনার থাকাকালিন আমজাদ হোসেন গত ৯ মে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থক হিসেবে কাজ করেছেন, যা সন্দেহাতিতভাবে নির্বাচন কমিশনের কাছে প্রমানিত হয়েছে।
এছাড়াও আমজাদ হোসেনের নামে গত মেয়র নির্বাচনে মাদারবাড়ি ও মাঝিরঘাট এলাকায় দুই শ্রমিক হত্যা মামলা রয়েছে। মেয়র নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএমপি কমিশনার পদ থেকে তাকে প্রত্যাহার করে নেয়, যা প্রধানমন্ত্রী ও তার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। কিন্তু পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে পুনরায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেয়।
বার্তায় মহিউদ্দিন আরও বলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে আমজাদ হোসেন পরিকল্পিত উপায়ে চট্টগ্রাম মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটান।
তিনি আরও উল্লেখ করেন, নগরী জুড়ে ডাকাতি ও চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দিনের বেলায় সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেটের বাসভবনে ডাকাতির ঘটনা ঘটে।
তিনি বলেন, চট্টগ্রামবাসী নগরীর জন্য নিরপেক্ষ, সৎ ও যোগ্য পুলিশ কর্মকর্তা পাওয়ার আশা করে।
বার্তায় তিনি বলেন, চট্টগ্রামবাসী কখনও আমজাদ হোসেনকে গ্রহণ করেনি এভং ভবিষ্যতেও তাকে ডিআইজি হিসেবে গ্রহণ করবে না।
