একাত্তর, পঁচাত্তর, ২১ আগষ্টের খুনিদের সম্মিলিতভাবে রুখতে হবে : জিল্লুর রহমান
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি বলেছেন, একাত্তর, পঁচাত্তর ও ২১ আগষ্টের খুনিরা এক ও অভিন্ন।
সম্মিলিতভাবে এদের রুখতে হবে, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুক্রবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রতীক অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২১ আগষ্টের গ্রেনেড হামলার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের দাবিতে রাজধানীর বাহাদুর শাহ্ পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জিল্লুর রহমান বলেন, খুনি জোট সরকারের পতন ঘটিয়ে সন্ত্রাস নৈরাজ্য ঠেকিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সরকার একদিকে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানি ও অত্যাচার করছে। অন্যদিকে রাষ্ট্রপতিকে দিয়ে চিহ্নিত সন্ত্রাসী বিএনপি নেতাদের ফাঁসির আদেশ বাতিল করাচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।
প্রতীক অনশন চলাকালীন অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, মেজর জেনারেল (অব:) আমসা আমিন, কৃষক লীগ সভাপতি ড. মির্জা আব্দুল জলিল, সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক পংকজ দেবনাথ, সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ ও শফিকুর রহমান।
জিল্লুর রহমান পরে পানি পান করিয়ে নেতা-কর্মীদের অনশন ভঙ্গ করান। কর্মসূচিতে ২১ আগষ্টের নৃশংস গ্রেনেড হামলায় শতাধিক আহত এবং ১৮ শহীদ পরিবার সদস্যরা অংশ নেন।
