আইনমন্ত্রীর মামলায় ইনায়েতুর রহিমের জামিন মঞ্জুর, মওদুদের প্রতি এসসিবিএ’র ক্ষোভ
আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের দায়ের করা মানহানি মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সম্পাদক ইনায়েতুর রহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বুধবার তিনি হাইকোর্টে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেন।
আইনমন্ত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতে একটি ম্যাজিস্ট্রেট কোর্ট মঙ্গলবার ইনায়েতুর রহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশ ওইদিন দুই দফা অ্যাডভোকেট ইনায়েতুর রহিমের বাড়িতে হানা দেয়।
বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি এম ফজলুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ তার এ আবেদন মঞ্জুর করেন এবং কেন তাকে নিয়মিত জামিন দেয়া হবে না, এ বিষয়ে সরকারের প্রতি একটি কারণ দর্শানো রুল জারি করেন। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বলবৎ থাকবে।
ইনায়েতুর রহিমের পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার আমির-উল ইসলাম। সরকারি আইনজীবী তার এ আবেদনের বিরোধিতা করেন।
আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ একশ’র বেশি আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের আদেশের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সম্পাদক ইনায়েতুর রহিমের বিরুদ্ধে আইন মন্ত্রীর মামলা দায়ের এবং তাতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সুপ্রিম কোর্টের বারান্দায় বেশ কয়েকজন আইনজীবী বিক্ষোভ প্রদর্শন করেন।
আশির দশকের একটি ডাবল মার্ডার ঘটনায় সামরিক আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মহিউদ্দিন আহমেদ ঝিন্টুকে ক্ষমা ঘোষণার ঘটনায় মওদুদকে জড়িয়ে এনায়েতুর রহিম বিবৃতি দেন এবং কয়েকটি সংবাদপত্রে তা প্রকাশিতও হয়। ঝিন্টু বর্তমানে বিএনপির সুইডেন শাখার সভাপতি।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) এক জরুরি সভায় এর সম্পাদক ইনায়েতুর রহিমের জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ইনায়েতুর রহিমের বিরুদ্ধে ‘অন্যায় ও মিথ্যা মামলা’ দায়েরের জন্য আইনমন্ত্রী মওদুদ আহমদকে দায়ী করে এর প্রতিবাদ জানানো হয়।
আইনজীবীদের চলমান আন্দোলনের ওপর চাপ সৃষ্টি করতেই এসসিবিএ সম্পাদকের বিরুদ্ধে আইনমন্ত্রী মামলা করেছেন বলে বৈঠকে উল্লেখ করা হয়।
বৈঠকে সমিতির নেতৃবৃন্দ ফৌজদারি মামলা সংক্রান্ত কোডের ৪৯৯ ও ৫০১ ধারা বাতিলের দাবি জানান। তারা বলেন, এই দুটি ধারা কেবল সাংবাদিক ও আইনজীবীদের হয়রানির জন্যই ব্যবহৃত হচ্ছে।
