২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়াই এদেশের সবচেয়ে বড় শত্রু: সাইফুর

নেতিবাচক সংবাদ প্রচারের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এদেশের মিডিয়াকে দায়ী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

তার ভাষায়, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো মিডিয়া।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) দুদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সোমবার তিনি এ কথা বলেন।

সাইফুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সকল ক্ষেত্রেই উন্নতি অর্জন ও উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। কিন্তু মিডিয়ায় আমাদের অর্জন প্রতিফলিত হয় না।

স্থানীয় একটি হোটেলে বাংলাদেশে ইফাদের সহায়তায় বিভিন্ন কর্মসূচির মূল্যায়ন বিষয়ক জাতীয় পর্যায়ের এ গোলটেবিল কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বিপুল জনসংখ্যা সত্ত্বেও একটি ছোট দেশ হয়ে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। কিন্তু এসব অগ্রগতি ও অর্জনের খবর বাংলাদেশের মিডিয়ায় দেখা যায় না। এদেশের যত নেতিবাচক খবর রয়েছে, তারা শুধু সেগুলোই প্রকাশ ও প্রচার করে।

অর্থমন্ত্রী বলেন, সম্পদের অপ্রতুলতা দেশের প্রধান অন্তরায় নয়।

তিনি বলেন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও শাসন ব্যবস্থার ঘাটতিই দেশের প্রধান সমস্যা। সরকার নতুন নতুন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে এ সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টাই করছে।

দরিদ্র্য নিরসনে সরকারের দৃষ্টিভঙ্গি, চলমান উদ্যোগসমূহ এবং দাতা সংস্থাগুলোর মনোভাবের মধ্যে সামঞ্জস্য বিধানের ওপর সাইফুর রহমান গুরুত্ব আরোপ করেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরডি সচিব ইসমাইল জাবিউল্লাহ্। এসময় ইফাদ’র বিভিন্ন কর্মকর্তার মধ্যে থমাস এলহন্ট, এন ব্রেট এবং সি পালমেরি বক্তব্য রাখেন।