নির্বাচন কমিশনের সংলাপ প্রস্তাবে বিরোধী দলগুলোর অসম্মতি
প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের নিয়োগ-ই তো আমরা প্রত্যাখ্যান করেছিলাম, সুতরাং তার সাথে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়।
তিনি আরও বলেন, বরং এ বিষয়ে ১৪ দলের সংস্কার প্রস্তাবের ভিত্তিতে খোদ সরকারের সাথে আলোচনা হওয়া উচিত। ভোটার তালিকা সংশোধন অথবা নতুন তালিকা প্রণয়ন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের উদ্যোগকে ‘অসদুদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে জলিল বলেন, সিইসি সরকারের এজেন্ট হিসেবে কাজ করছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র সভাপতি হাসানুল হক ইনু-ও এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একই কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনারকে ‘মেরুদণ্ডহীন এবং খালেদা-নিজামীর এজেন্ট’ আখ্যায়িত করে ইনু বলেন, নির্বাচন কমিশনের উচিত প্রথমে ১৪ দলের সংস্কার প্রস্তাব পর্যালোচনার মাধ্যমে এ ধরনের আলোচনার পরিবেশ তৈরি করা।
কমিশন সচিবালয়কে সরকারের নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে ইনু বলেন, অন্যথায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন তো দূরের কথা, কোনো ফলপ্রসূ আলোচনাও সম্ভব নয়।
শনিবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর তারা দলগত এবং জোটগত ভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তবে সেই সাথে তিনি এ-ও বলেন, সিইসিকে প্রথমে প্রমাণ করতে হবে, তার কিছু হলেও করার ক্ষমতা আছে।
তিনি বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বিকল্প ধারা বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ফিরোজ এম হাসানও নির্বাচন কমিশন থেকে কোনো চিঠি পাননি বলে জানান।
তিনি মন্তব্য করেন, নির্বাচন কমিশনকে একটি সত্যিকারের কমিশনের মতো কাজ করতে হবে। সেই সাথে এটিও নিশ্চিত করতে হবে, কোন ক্ষমতাবলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ আয়োজন করছে।
২০ জুলাই এক সভায় নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করে। সে অনুযায়ী ২৭ জুলাই বিকেল ২টায় আওয়ামী লীগের সাথে সংলাপে বসার কথা।
ওই দিনই সকাল ১১টায় জাতীয় পার্টি (এরশাদ)কে নির্বাচন কমিশনে আলোচনার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে।
পর দিন সকাল ১১টায় জামায়াতে ইসলামীর সাথে সংলাপ অনুষ্ঠানের পর ক্ষমতাসীন বিএনপি’র সাথে নির্বাচন কমিশন বসবে হবে বিকাল ২টায়।
এর আগে ২৬ জুলাই ১১ দলীয় জোট ও অপর ক্ষুদ্র দলগুলোর সাথে বৈঠকে বসার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।
বিগত সংসদ নির্বাচনের সময় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে সর্বশেষ ভোটার তালিকা তৈরি করা হয়েছিলো। এ তালিকা অনুযায়ী দেশের বর্তমান মোট ভোটার সংখ্যা প্রায় সাত কোটি ৫৯ লক্ষ।
