তাজউদ্দিনের কর্মময় জীবনের দৃষ্টান্ত আমাদের আগামীর পাথেয় : জিল্লুর রহমান
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি বলেছেন, যে জাতি গুণী জনের সম্মান ও যথাযথ মর্যাদা দিতে জানে না, সে জাতির উন্নয়নও সম্ভব নয়।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমদের ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাজ উদ্দিনের ত্যাগ এবং কর্মময় ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে তিনি বলেন, অত্যন্ত মেধা সম্পন্ন সত্যবাদী ও বলিষ্ট নেতৃত্বের অধিকারী ত্যাগী এ নেতার ছিলো দূরদর্শী চেতনা। তার কর্মময় জীবনের দৃষ্টান্ত আমাদের আগামীর চলার পথে পাথেয় হয়ে থাকবে।
মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কুমকুম।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, আবুল মাল আব্দুল মুহিত, ইকবাল সোবহান চৌধুরী, তাজউদ্দিনের মেয়ে সিমিন হোসেন রিমি, এমএ করিম ও কাজী আবু জাফর সিদ্দিকী আলোচনায় অংশ নেন।
