সুনামগঞ্জ-৩ উপনির্বাচনে ১৬টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী এমএ মান্নান এগিয়ে
সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। মোট ১২৭টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ প্রাপ্ত ১৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী এমএ মান্নান এগিয়ে আছেন।
কেন্দ্রগুলোর ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী এমএ মান্নান ৫,৪২১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন ৫,৩০১ ভোট।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বুধবার কোনোরকম গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল।
আওয়ামী লীগ নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে আসনটি শূণ্য হয়ে যায়।
সেনাবাহিনী, বিডিআর ও আনসার সদস্যদের নিয়ে গড়া নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মাঝে বুধবার সকাল ৮টা থেকে আসনের ১২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অনাকাক্সিক্ষত কোনও ঘটনা ঘটেনি। তারপরও জগন্নাথপুরসহ কয়েকটি এলাকায় ভোটারদের কম উপস্থিতির খবর পাওয়া গেছে।
সংসদে প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেছে।
স্বতন্ত্র প্রার্থী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, সংখ্যালঘু ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয়েছে।
