নয় জেলায় ২৮ জুলাই থেকে ১৪ দলের নেতাদের গণসংযোগ কর্মসূচি
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত ৩১ দফা প্রস্তাব সম্পর্কে জনসমর্থন আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আগামী ২৮ থেকে ৩০ জুলাই রাজধানী ও সংলগ্ন আটটি জেলায় গণসংযোগ কর্মসূচি চূড়ান্ত করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সোমবার বিডিনিউজকে বলেন, তিনদিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য ইতোমধ্যেই বিরোধী দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে তিনটি টিম গঠন করা হয়েছে।
তিনি বলেন, ২৮ জুলাই থেকে টিম তিনটি একই সাথে নয় জেলায় গণসংযোগে নামবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচনী আইন ও নির্বাচন কমিশন সংস্কার সম্পর্কে জনগণকে বিশদ অবহিত করাই এ কর্মসূচির উদ্দেশ্য।
আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাহ, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণফোরাম নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ১১ দলের অন্য কয়েকজন নেতা মানিকগঞ্জ, গাজীপুর ও ঢাকায় যথাক্রমে ২৮, ২৯ ও ৩০ জুলাই গণসংযোগ পরিচালনা করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ (ইনু)-র কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, গণফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক ও সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ওই একই তারিখে যাবেন নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহে।
অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, ১১ দলের আহ্বায়ক বিমল বিশ্বাস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য মুন্সীগঞ্জ, নরসিংদী ও রাজবাড়ীতে গণসংযোগ সফরে যাবেন।
