২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের ঘটনা পাশ্চাত্যের মুসলিম বিরোধী ষড়যন্ত্রের অংশ হতে পারে: ইসলামি নেতৃবৃন্দ

লন্ডনে বৃহস্পতিবারের বোমা হামলাকে মুসলিম বিশ্বে আরেকটি আগ্রাসন চালানোর ষড়যন্ত্র বলে অভিহিত করেছে বাংলাদেশের ইসলামিক দলগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এ হামলাকে ‘অমানবিক’ হিসেবে উল্লেখ করে তারা কঠোর নিন্দা জানিয়েছে। সেই সাথে তারা আশা করছেন যে এ ঘটনার পর ১১ সেপ্টেম্বর পরবর্তী পরিস্থিতি সৃষ্টি হবে না।

এ হামলার দায়িত্ব স্বীকারকারী ‘ইউরোপে আল কায়দার গোপন সংগঠন’ প্রকৃত পক্ষে ইসলাম বিরোধী পাশ্চাত্য শক্তি সমূহের সাজানো নাটক হতে পারে বলেও তারা সন্দেহ প্রকাশ করেন।

বিডিনিউজের সাথে আলাপকালে ক্ষমতাসীন জোটের শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মাওলানা ফজলুল হক আমিনী এমপি বলেন, লন্ডনে টিউব রেলে ও দোতলা বাসে বোমা হামলা ‘মুসলমানদেরকে সন্ত্রাসী প্রমাণ করার অপচেষ্টাও’ হতে পারে।

দুস্কৃতিকারীদের খুুঁজে বের করতে মুসলিম বিশেষজ্ঞদের সমন্বয়ে আন্তর্জাতিকভাবে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান মাওলানা আমিনী। তিনি বলেন, ঢালাওভাবে কাউকে দোষারোপ না করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

আমিনী এ ঘটনায় মুসলিম বিশ্বের সাথে অন্যদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির আশংকা ব্যক্ত করেছেন।

ইসলামী ঐক্যজোটের অন্য আরেকটি অংশ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মহাসচিবদ্বয়ও লন্ডনের ঘটনায় সন্ত্রাসীদের কঠোর সমালোচনা করে একই মতামত ব্যক্ত করেছেন।

ইসলামী ঐক্যজোটের শায়খুল হাদিস গ্রুপের মহসচিব মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, মুসলমানদের নির্যাতনের অজুহাত সৃষ্টি করতে এ রকমটা ঘটানো হতে পারে।

তিনি বলেন, এ ঘটনায় আল কায়দা যুক্ত, এটা অবিশ্বাস্য।

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হুদা ফয়েজী বলেন, মুসলিমদের ওপর নির্যাতন চালানোর জন্য বৃটেন ও আমেরিকার উদ্দেশ্য থেকে থাকলে  যেভাবেই হোক তারা তা করবে।

ইসলামী দলের নেতারা এ ঘটনায় দেশে ইসলামী আন্দোলনের ওপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে মত প্রকাশ করেন।