২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোট গড়ে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে জোট সরকার উৎখাত করতে সারাদেশে সংগঠন শক্তিশালী করুন : শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ দুর্নীতিবাজ সন্ত্রাসী জোট সরকারকে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে। আর এ জন্য সারাদেশে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

তিনি বলেন, দেশের মানুষ অত্যাচারি, দুর্নীতিবাজ বিএনপি জামাত জোটের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের মহাজোট গঠনের মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার আদায় করা হবে। 

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতাকালে শেখ হাসিনা এ কথা বলেন।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ঠাকুরগাঁও বারের নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জেডএইচএন ইসলাম দুলাল চৌধুরী, সাধারণ সম্পাদক তোজাম্মেল হক মঞ্জু, জেলা আওয়ামী লীগ সভাপতি রমেশ চন্দ্র শীল এবং ব্যারিস্টার এমবি নুর উর সাদিক চৌধুরী বক্তব্য রাখেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ওবায়দুল কাদের, আব্দুল মান্নান ও এ্যাডভোকেট সাহারা খাতুন এসময় উপস্থিত ছিলেন।

বিএনপি জামাত জোট সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে, এ অভিযোগ করে শেখ হাসিনা বলেন, তারা ইচ্ছেকৃতভাবে দেশকে ধ্বংস করছে। এর মাধ্যমে স্বাধীনতার শত্রুরা প্রমাণ করতে চায় যে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বিজয় সঠিক ছিলো না।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে দেশের মানুষের নাভিঃশ্বাস উঠেছে। অথচ সরকার বলছে কোনো জিনিসের দাম বাড়েনি।

শেখ হাসিনা বলেন, ক্ষমতাসীনরা দুর্নীতি ও লুটপাট করে টাকা কামিয়েছে। তাই বাজারে দাম বৃদ্ধির কথা তারা বুঝবে কি করে!

তিনি বলেন, আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় আসলে তাদের এ লুটের টাকা পাই পাই করে আদায় করে জনগণকে ফিরিয়ে দেওয়া হবে।