২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ১৪৪ ধারার মধ্যে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেছেন, ‘খালেদা-নিজামী জোট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যার রাজনীতি বেছে নিয়েছে। ৭০ হাজার সন্ত্রাসী ছেড়ে দিয়ে সরকার দেশকে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছে।’

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 05:52 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

পটুয়াখালী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আ খ ম জাহাঙ্গীর বলেন, সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনকে বরখাস্ত করে খালেদা জিয়া নিজেই প্রমান করলেন তার সরকার দুর্নীতিবাজ।

জেলা যুবলীগ আহবায়ক মেহতাব উদ্দিন সাবুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর কবির নানক। এতে আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, মাহবুবুর রহমান তালুকদার এমপি, সাবেক এমপি আ স ম ফিরোজ, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া প্রমুখ।

উদ্বোধনী বক্ততায় যুবলীগ সভাপতি নানক বলেন, অর্থমন্ত্রী সাইফুর রহমান এদেশকে একটি বাজেট দিয়েছেন, কিন্তু দেশের সমৃদ্ধি ও বেকারদের দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন।

মির্জা আজম বলেন, এই সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের কারণে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বমুখী হচ্ছে আর সরকারের দুর্নীতির কারণেই তারেক রহমান আজ দেশের সবচেয়ে ধনী ব্যক্তি।

এর আগে বুধবার সন্ধ্যায় যুবলীগের পূর্বনির্ধারিত সম্মেলনস্থল জেলার ব্যায়ামাগার চত্বরে স্থানীয় বিএনপি একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ সফল করার আহবান জানিয়ে যুদলের একটি মিছিল শহর প্রদক্ষিণ করে এবং যুবলীগের সম্মেলনের মঞ্চ, চেয়ারসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। জেলা প্রশাসন আইনশৃংখলা বজায় রাখতে সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করে। পরে রেজিষ্ট্রি পুল সংলগ্ন সড়কে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।