হাসপাতাল ছেড়ে গুলশানের বাড়িতে বিদিশা
অবশেষে শনিবার সন্ধ্যায় সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের বেড ছেড়ে সরাসরি গুলশানের পুরাতন অ্যাপার্টমেন্ট নাইকটনে উঠেছেন বিদিশা।
সূত্র জানায়, আবারও হয়রানির আশংকা নিয়েই আইনজীবী ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে সন্ধ্যা সোয়া ৬টায় বিদিশা ক্লিনিক ত্যাগ করেন।
বিদিশার পরিবারের সদস্যবৃন্দ ও আইনজীবীরা জানান, এখন থেকে তিনি পরিবারের সদস্যদের তত্ত্ববধানে থাকবেন। তবে ডাক্তারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হবে।
বিদিশার এক আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান মাহবুব বিডিনিউজকে বলেন, বিদিশা ক্লান্ত এবং নিজ বাড়িতে বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, নিজ বাড়ি নাইকটনে থেকেই তিনি তার চিকিৎসা চালিয়ে যাবেন। আগে তিনি নাইকটনের বাড়িটি নিজ নামে কিনেছিলেন।
আইনজীবী আরও জানান, বিদিশা এরশাদ ও সাঙ্গ পাঙ্গদের দ্বারা আবারও হয়রানির শিকার হওয়ার আশংকা করছেন। এরশাদ গাড়ি কেনার কথা বলে এর আগে বিদিশার কাছ থেকে কিছু সাদা কাগজে স্বাক্ষর নিয়েছিলেন। সেগুলো দিয়ে এরশাদ নতুন করে প্রতারণা করতে পারে বলে বিদিশা আশংকা করছেন।
এরশাদ ও সরকারের পক্ষ থেকে চারটি মামলা দায়ের পর বিদিশাকে গ্রেফতার করা হয়েছিল এবং ২৩ দিন কারাগারে আটক রাখার পর তাকে মুক্তি দেয়া হয়।
