সংখ্যাগরিষ্ঠতার জোরে জোট সরকার বাজেট পাস করেছে, জনগণ হরতাল পালন করে তা প্রত্যাখ্যান করেছে: আ. লীগ
জাতীয় সংসদে ২০০৫-০৬ সালের বাজেট পাস হওয়ার পর আওয়ামী লীগ বাজেট প্রত্যাখ্যান করে বলেছে, ক্ষমতাসীন জোট সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে বাজেট পাস করেছে। অন্যদিকে সারাদেশে হরতাল পালনের মাধ্যমে জনগণ এই বাজেট প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার সংসদ মুলতবি হওয়ার পর বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আবদুল হামিদ এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।
‘বিদেশি শক্তির সাহায্য নিয়ে এবং ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসতে পারবে না’ প্রধানমন্ত্রীর বুধবারের এই বক্তব্য সম্পর্কে আবদুল হামিদ বলেন, বিদেশি শক্তির সাহায্য নিয়ে কিভাবে ক্ষমতায় আসতে হয় প্রধানমন্ত্রী তা ভাল করেই জানেন। এ বিষয়ে আমাদের কোন ধারণা নেই।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার ১০ দিন অনুপস্থিত থাকলে জাতীয় সংসদের সদস্যপদ বাতিলের প্রস্তাব সম্পর্কে বিরোধী দলীয় উপনেতা বলেন, ১৯৯৬-২০০১ সালে মান্নান ভূইয়া যখন বিরোধী দলে ছিলেন, তখন অনুপস্থিত থাকার সময়সীমা ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন করার চিন্তা করছিলেন।
সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।
