২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যার ব্যাপারে কাউকে নেতিবাচক মনোভাব গ্রহন না করতে সকলের প্রতি সরকারের আহবান

সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চলমান তদন্ত প্রক্রিয়া নিয়ে কাউকে নেতিবাচক ধারনা পোষন না কারার আহবান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 04:48 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এই হত্যাকান্ডের সাথে জড়িত সব অপরাধীকে বিচারের আওতায় আনা হবে এবং বিচারের ফলাফলের জন্য সবাইকে ধৈর্য্য সহকারে অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫ সালের জানুয়ারিতে বোমা বিস্ফোরণে নিহত সাবেক অর্থ মন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। এফবিআইসহ বিভিন্ন বিদেশী সংস্থা বাংলাদেশ সরকারের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সাথে কার্যকর, স্বচ্ছ এবং সমন্বিত তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, এফবিআই সদস্যরা এই হত্যা মামলার প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন প্রমানাদি নিয়ে কাজ করে যাচ্ছে।

এই মামলার তদন্তকাজে বাংলাদেশ সরকারের আগ্রহ এবং সততার ব্যাপারে মার্কিন প্রশাসন এবং বেশ কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান সন্তোষ প্রকাশ করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া এক যৌথ চিঠিতে চারজন সিনেটর, আটজন কংগ্রেস সদস্য এবং একজন মার্কিন নাগরিক এই হত্যা মামলার তদন্তে বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। চিঠিতে স্বাক্ষরকারী বেশিরভাগ সিনেটর ও কংগ্রেস সদস্য যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের প্রতিনিধি। উল্লেখ্য, এই রাজ্যে মরহুম কিবরিয়ার কন্যা ড. নাজলী কিবরিয়াও বসবাস করেন।

২৩ জুন লিখিত এই চিঠিতে স্বাক্ষরকারিরা বলেছেন, ‘বাংলাদেশ সরকার কিবরিয়া হত্যাকান্ডের সাথে জড়িত আটজনকে আটক করেছে এবং এই হত্যার বিচার করার চেষ্টা করছে। আমরা সরকারের এই কাজে সন্তুষ্ট।’

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলাসহ সব ধরনের রাজনৈতিক হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার সম্পন্ন করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।’

আহসানউল্লাহ মাষ্টার এমপি হত্যা মামলায় ২২ জনকে ফাঁসির আদেশ দেয়ার বিষয়টি উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আহসানউল্লাহ মাষ্টারের পরিবার আদালতের এই রায়ে পূর্ন সন্তুষ্টি প্রকাশ করেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহ এএমএস হত্যাকান্ডে শুধু তার পরিবারই আঘাত পায়নি, এই ঘটনায় বাংলাদেশের শান্তিপ্রিয় প্রতিটি মানুষ গভীরভাবে মর্মাহত হয়েছে। আর সরকারও এ ব্যাপারে পূর্ণ সজাগ রয়েছে।