সগীর হত্যা: মামলা ডিবিতে স্থানান্তর, চারজন আটক
জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সগীর আহমেদ হত্যা মামলা রোববার মধ্যরাতে গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
তবে এই মামলায় ঢাকা মহানগর পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থা হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। তবে তারা সগীর হত্যার কিছুক্ষণ পরেই পুলিশের গুলিতে নিহত শাওনের বাবা-মা এবং শাওনের সহযোগী নাহিদের বাবা, অপর সহযোগী হাবিব ওরফে ভুয়া হাবিবের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তবে সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার চোখে এই হত্যার সবচেয়ে সন্দেহভাজন মনির রোববার রাতে দেশ ত্যাগ করেছে। মনির ক্ষমতাসীন দলেরই একজন এমপি’র ভাই।
ডিবি কর্মকর্তারা রোববার মধ্যরাতে নিহত শাওনের পিতা ইট ভাটার শ্রমিক আফতাব উদ্দিন ও মা আমিরুন্নেছাকে দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এর আগে শনিবার তাদের আটক করা হয় এবং রোববার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। এ সময়ের মধ্যে তারা তাদের সন্তানের দাফন সম্পন্ন করে।
পরে ডিবি সদস্যরা নাহিদের বাবা আব্দুস সামাদ এবং হাবিবের বাবাকে আটক করে।
গোয়েন্দা সূত্র জানায়, তারা এ ঘটনার সঙ্গে মািনরের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে।
ডিসি ডিবি শহিদুল ইসলাম বিডিনিউজের সঙ্গে আলাপকালে জানান, সন্ত্রাসীদের সঙ্গে শাওনের যোগাযোগ খতিয়ে দেখতে তার বাবা-মাকে আটক করা হয়েছে। অন্যদিকে নাহিদ ও হাবিবের সন্ধানে তাদের দুজনের বাবাকেই আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এখনও এ হত্যার নেপথ্য কোনও আলামত পাইনি। তবে মনিরের দেশ ত্যাগ সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান।
বিডিনিউজের সঙ্গে আলাপকালে ডিসি নর্থ মাহবুবুর রহমান বলেন, পুলিশ বিভাগের দায়িত্ববোধ থেকেই আমরা এই হত্যার তদন্ত করছি।
যুবদল নেতা সগীর আহমেদ শুক্রবার জুম্মার নামাজের পর পুরান ঢাকায় তার বাসার কাছে র্যাব ও পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। এ সময় পুলিশর গুলিতে হত্যাকারীদলের একজন নিহত হয়।
