ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়া মসজিদে অগ্নিসংযোগ, বোমা হামলা
একদল সন্ত্রাসী ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় আহমদিয়া মুসলিম জামাতের মসজিদে শুক্রবার ভোর রাতে অগ্নিসংযোগ ও বোমা হামলা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই সময়ে শহর ও সদর উপজেলার আরো দুটি আহমদীয়া মসজিদে বোমা হামলা চালানো হয়।
হামলাকারীরা অগ্নিসংযোগের পর মসজিদের আশেপাশের বিভিন্ন পয়েন্টে ৩০/৩৫টি বোমা পেতে রাখে। পরে রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। বোমার ঘুমন্ত অবস্থায় আয়েশা বেগম (৪৫) ও বশির আহমেদ (২৫) নামে দুজন আহত হয়।
অগ্নিসংযোগের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে একই সময়ে অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা শহরের ভাদুরপুর আহমদীয়া মসজিদ ও সদর উপজেলার সুহিলপুর আহমদীয়া মসজিদে বোমা হামলা চালায়।
ব্রাহ্মণবাড়িয়া আহমদীয়া জামাতের আমীর মঞ্জুর হোসেন এ বিষয়ে বিডিনিউজকে বলেন, স্থানীয় আহমদীয়া বিরোধীরা মৌলবাদীরাই এ ঘটনা ঘটিয়েছে।
তিনি জানান, গত ১২ রবিউল আওয়াল সিরাতুন্নবী উদযাপনের উদ্যোগ নেওয়া হলে আহমদীয়া বিরোধী স্থানীয় খতমে নবুয়তের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও তার দলবল এতে বাধা দেয়। এ কারণে সে সময় সিরাত্ন্নুবী উদযাপন করা যায় নি।
পুলিশ সুপার এটিএম তারেক ঘটনাস্থল পরিদর্শণ করে বিডিনিউজকে বলেন, ওই সন্ত্রাসী ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
গ্রামবাসী জানান, ভোর রাত ৩টা ১০ মিনিটের দিকে কে বা করা মসজিদে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকার লোকজন আগুন নেভানোর জন্য এগিয়ে গেলে একের পর এক শক্তিশালী বোমা বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে। তবে স্থানীয়রা হামলাকারীদের দেখতে পায়নি।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। পরে তারা ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত তাজা বোমা উদ্ধার করে।
আহমদীয়া মসজিদে অগ্নিসংযোগ ও বোমা হামলার খবর পেয়ে সকাল ১০টার দিকে আহমদীয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছান। আহমদীয়া জামাতের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
