শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকায় কর্মরত পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত মানজার শফিক রোববার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন সুধাসদনে বৈঠক করেন।
সকাল ১০ টা থেকে প্রায় এক ঘন্টার এ বৈঠকে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী জানান, এটি ছিল মানজার শফিকের বিদায়ী সৌজন্য সাক্ষাত।
তিনি জানান, পাকিস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালন কালে আওয়ামী লীগের সহযোগিতার জন্যে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিরাজমান সুসম্পর্ক আগামীতে আরও জোরদার হবে।
বৈঠকে সাবের চৌধুরী ছাড়াও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি এবং পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার উপস্থিত ছিলেন।
