২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী ১ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো আ.লীগ, দলের কেউ নির্বাচন করতে পারবে না

নরসিংদী ১ উপ নির্বাচন থেকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ শেষ পর্যন্ত সরে দাঁড়ালো। আগামী ২২ জুন অনুষ্ঠেয় ওই নির্বাচনে দলের কোনো নেতা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। সুতরাং দলের প্রতীক ‘নৌকা’ও পাচ্ছে না কেউই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 10:53 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এছাড়া ফরিদপুর ১ আসনে দলের সাংসদ কাজী সিরাজুল ইসলামের বিএনপিতে যোগদানের প্রেক্ষিতে আওয়ামী লীগ সংসদীয় দল (এএলপিপি) আগামী ৬ জুন বৈঠকে বসে তার ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

শনিবার রাতে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাত সোয়া ৭ টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে সভার কাজ শুরু হয়। দলীয় প্রধান শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি ও কাজী জাফরুল্লাহ্ এমপি উপস্থিত ছিলেন।

টানা দু’ঘন্টা ধরে অনুষ্ঠিত সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক প্রেস ব্রিফিংয়ে সভার সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, এ সভায় নরসিংদী ১ উপনির্বাচন, আওয়ামী লীগ সাংসদ কাজী সিরাজের বিএনপিতে যোগদান ছাড়াও সরকারের দুর্নীতি, সন্ত্রাস, অত্যাচার নির্যাতন ও ব্যর্থতাসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়, সীমাহীন নির্যাতন ও অর্থনৈতিকভাবে পঙ্গু করার পর হত্যা ও মামলা দিয়েও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার সরকারি দিবা স্বপ্ন পূরণ না হওয়ায় তারা নতুন ভাবে আওয়ামী লীগ নেতা ক্রয়ের ষড়যন্ত্রে মেতে উঠেছে। গত সাড়ে তিন বছরে দেশ ও জনগণের সম্পদ লুট করে বিএনপি জামাত সম্পদের যে পাহাড় গড়ে তুলেছে, তা থেকে কিছু উচ্ছিষ্ট বিলিয়ে কিছু নেতা কর্মী ক্রয় করে পতনোন্মুখ সরকার শেষ রক্ষার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আর তারই অংশ হিসেবে কাজী সিরাজ এমপিকে বিএনপিতে যোগদান করানো হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ৭০ পদদলিত করে কাজী সিরাজ এমপি বিএনপিতে যোগ দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি’র মতো একটি নীতিহীন-লুটেরা দলে আশ্রয় নিয়ে অনৈতিক সম্পদের পাহাড় গড়ার জন্যেই তার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে প্রতারণা করে তিনি বিএনপিতে গেছেন। তবে এতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না।

আব্দুল জলিল জানান, তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী ৬ জুন এএলপিপি সভা ডাকা হয়েছে। ওই দিন সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।