২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বুধবার মানববন্ধন ও সমাবেশ করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

আদালতে প্রাঙ্গণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রধান ফটকে সমাবেশ চলাকালে আইনজীবীরা ‘আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত আদালতের রায় মানি না’ বলে শ্লোগান দেয়।

সমাবেশে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, দেশের আইনজীবীরা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে, আদালতের বিরুদ্ধে নয়।

তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশের মাধ্যমে সরকার মতামতের স্বাধীনতা বন্ধ করার পাঁয়তারা করছে।

পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আগামী ২৪ জুন আবার বৈঠকে বসবে।

হাইকোর্ট গত ২৩ মে আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিলসহ অন্যান্য আইনজীবী সংগঠনগুলোর সভা সমাবেশ ও আদালত বর্জনের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

বিচার বিভাগের স্বাধীনতা, সৎ ও দক্ষ বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট, বিচারপতি ও বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দাবিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মানববন্ধন পালন করে।

ব্যারিস্টার আমীর-উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট ওজায়ের ফারুক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এমএ সালাম তালুকদার, অ্যাডভোকেট সাঈদ আহমেদ, অ্যাডভোকেট বশির আহমেদ ও অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহ প্রমুখ।