সচিবালয়ে কাজের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলার মান উন্নত করতে হবে: কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, সচিবালয়ে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও শৃঙ্খলার মান উন্নত করতে হবে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারি সংযুক্ত পরিষদের নেতারা শনিবার প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সচিবালয় হচ্ছে সারাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র। তাই সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তবেই আমরা দ্রুত কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবো।
পরিষদ নেতারা এ সময় ৬ষ্ঠ জাতীয় পে স্কেল ঘোষণার জন্যে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তারা ব্যক্তিগত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাসহ দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের ৫০ শতাংশ সিলেকশন গ্রেড প্রদান, অবসর প্রস্তুতিকালীন (এলপিআর) পূর্ণ বেতন, অবসরকালীন কর্মকর্তা ও কর্মচারিদের ২৫ শতাংশ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের জন্যেও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী নেতাদের বক্তব্যের জবাবে বলেন, জোট সরকার দেশ ও দেশের মানুষের জন্যে কাজ করছে। সাড়ে তিন বছরে সরকারের সাফল্য দেশ বিদেশে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হচ্ছে। এ অবস্থা ধরে রাখতে আরও কয়েক বছরে সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। আমরা সকলে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের সম্পদ ও মর্যাদা বাড়াতে পারি। এতে পেশাগত ক্ষেত্রসহ সকল ক্ষেত্রে দেশের মানুষ লাভবান হবে। দেশ বিদেশে আমাদের মর্যাদা আরও বাড়বে।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।
