২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সিটি গর্ভমেন্ট চালু না করলে নিজেকে সিটি গর্ভনর ঘোষণা করব: মহিউদ্দিন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সরকার সিটি গর্ভমেন্ট চালু করতে রাজি না হলে তিনি নিজেই জনসভা করে নিজেকে সিটি গর্ভনর ঘোষণা করবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

রোববার বিকালে লালদিঘী ময়দানে নাগরিক কমিটির মেয়র প্রার্থীর বিজয় উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র মহিউদ্দিন চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামবাসীর ৪০ দফার অন্যতম দফা সিটি গর্ভমেন্ট সরকারকে অবশ্যই চালু করতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাকে সহযোহিতা করুন, চট্টগ্রামবাসীর পানি-বিদ্যুৎসহ সকল সমস্যার সমাধান করব।

সিটি গর্ভমেন্ট চালুর জন্য সরকারের কাছ থেকে কোনও অর্থ নেওয়া হবে না বলে তিনি অঙ্গীকার করেন।

তিনি বলেন, চট্টগ্রামের ৮ জন মন্ত্রী কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটারদের হুমকি দিয়েছেন। তারা শক্তি দিয়ে জনগণের রায় পাল্টানোর চেষ্টা করেছেন। কিন্তু চট্টগ্রামবাসী প্রমাণ করেছে, শক্তি প্রয়োগ করে তাদের দমিয়ে রাখা যাবে না।

তিনি প্রশ্ন রাখেন, রাতভর নির্বাচন অফিস ঘেরাও করে নির্বাচনী ফলাফল আনতে হয়েছে, এটা কোন ধরনের গণতন্ত্র?

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কার্যকরী কমিটির সভাপতি মাঈনুদ্দীন খান বাদল, ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান, চট্টগ্রাম (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, চট্টগ্রাম (দক্ষিণ) জেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান চৌধুরী, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইছহাক মিয়া, ড. হাসান মাহমুদ, জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত, চট্টগ্রাম উন্নয়ন সমংগ্রাম পরিষদ নেতা এসএম জামাল উদ্দিন এবং গণফোরাম নেতা কফিল উদ্দিন প্রমুখ।