২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের প্রয়োজন এখনও আসেনি: মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবি নাকচ করে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার বা সংশোধনের প্রয়োজন এখনও আসেনি। এ ব্যাপারে ঐকমত্যের ভিত্তিতে কোন প্রস্তাবও আসেনি। তাই কোন আলোচনার প্রশ্নই আসে না।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘বাংলাদেশের রাজনীতি : বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি শফিকুল করিম সাবু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা উপস্থিত ছিলেন।

আব্দুল মান্নান ভূঁইয়া বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থায় সংসদই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। অথচ বিরোধী দল সংসদে যেতে চায় না। সংসদে যাওয়ার ব্যাপারেই তাদের অনীহা। সংসদকে এড়িয়ে সংসদীয় গণতন্ত্র চলতে পারে না।

তিনি সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক আব্দুস সামাদ আজাদের লাশ সংসদ চত্বরে না নেওয়ার সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সংসদের রেওয়াজও মানছে না। এর আগে ঘাতকদের হাতে নিহত সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার ও শাহ এএসএম কিবরিয়ার লাশ বিশেষ কারণে সংসদে না নেওয়ার বিষয়টি মেনে নেওয়া যায়। কিন্তু কেন সামাদ আজাদের লাশ সংসদ চত্বরে নেওয়া হলো না?

মান্নান ভূঁইয়া বলেন, বিরোধী দল তত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি করছে। তবে এ প্রশ্নে এখনও স্পষ্ট করে কিছু বলেনি। এ পদ্ধতি সংস্কারের কোন প্রয়োজন এখনও হয়নি। তবে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় সব সময়ই আলোচনার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ীই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। এক্ষেত্রে কোন ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই মূখ্য। বাংলাদেশের প্রেক্ষাপটে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি পাওয়া দূরূহ। তাই সাবেক প্রধান বিচারপতির মতো গ্রহণযোগ্য ব্যক্তিকে এর প্রধান হিসেবে নিয়োগের বিধান রাখা হয়েছে।

নির্বাচন কমিশনার নিয়োগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সরকারই সিদ্ধান্ত নিতে পারে। এ নিয়োগের জন্য বিরোধী দলের সাথে আলোচনার ব্যাপারে সংবিধানে কিছু বলা হয়নি। তারপরও সরকার বিরোধী দলের সাথে আলোচনা করার উদ্যোগ নেবে।

সীমান্ত সমস্যা নিরসন এবং সাম্প্রতিক বিডিআর-বিএসএফ উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশ ভারতের সাথে এ সমস্যার সমাধানে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে প্রয়োজনে এ বিষয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনাও হতে পারে।

রাজনীতিতে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে মান্নান ভূঁইয়া বলেন, রাজনীতি হয় নবীন ও প্রবীণদের সমন্বয়ে। প্রবীণরা এক সময় চলে যায়, নবীনরা দায়িত্ব নেয়। এ জন্য অবশ্যই নতুন নেতৃত্বের প্রয়োজন।

আসন্ন বাজেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী নির্বাচনমূুখী দলগুলো সব সময়ই নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। এ কারণে প্রতিটি বাজেটই নির্বাচনমুখী হয়।