২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও রাজনীতিতে আসিনি, তারপরেও আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে : ঢাকায় পৌঁছে জয়

আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় বৃহস্পতিবার ভোরে দেশে পৌঁছে বলেছেন, আমি এখনও রাজনীতিতে সরাসরি জড়িত হইনি, আমি নেতাও নই। তারপরেও আমার বিরুদ্ধে মিথ্যে সংবাদ ও অপপ্রচার চালানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2005, 03:58 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিবেশিত সংবাদকে তার বিরুদ্ধে বদনাম হিসেবে উল্লেখ করে জয় বলেন, কেন এমন অপপ্রচার করেছে, তা ওরাই ভালো বলতে পারবে।

জয় আমেরিকা থেকে ব্রিটিশ এয়ার ওয়েজের একটি বিমানযোগে ভোর পৌনে ছ’টায় ঢাকা পৌঁছেন। মা শেখ হাসিনা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্, সাবের হোসেন চৌধুরী, মোহাম্মদ হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি, হাজী মোহাম্মদ সেলিম, বাহাউদ্দিন নাসিমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে জয় সাংবাদিকদের বলেন, সরাসরি রাজনীতিতে আসার সিদ্ধান্ত আমি এখনও নেইনি। আমি দেশের মানুষের জন্যে কাজ করতে চাই। মা’কে রাজনীতিতে সাহায্য করবো করবো আমি।

জয় দেশে প্রায় তিন সপ্তাহ থাকতে পারেন বলে সাংবাদিকদের জানান।