মানবাধিকারের তুলনায় ব্যক্তিগত নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ: বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মঙ্গলবার বলেছেন, মানবাধিকারের চেয়ে ব্যক্তিগত নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক এবং রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ নাগরিক জীবন, সম্পদ, ব্যাবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা মানবাধিকারের তুলনায় গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণ এবং ব্যাবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের বিনিয়োগের পরিবেশ আরও সুন্দর করতে সরকার র্যাব, চিতা ও কোবরা বাহিনী এবং দ্রুত বিচার ট্রাইবুন্যাল গঠন করেছে।
তিনি বলেন, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটানোর প্রয়োজন।
মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে প্রতি তিনশ’ লোকের জন্য একজন পুলিশ রয়েছে কিন্তু আমাদের দেশে ১৩০০ লোকের জন্য মাত্র একজন পুলিশ রয়েছে। আর সে কারণেই উন্নত দেশের মত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ নয়।
তিনি বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও র্যাব, চিতা ও কোবরা বাহিনী নামানোর পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে।
র্যাবের মানুষ হত্যায় মানবাধিকারের প্রশ্ন ওঠার ব্যাপারে তিনি বলেন, যখন কোনও ব্যাবসায়ীকে অথবা পুলিশ সদস্যকে হত্যা করা হয় তখন তো মানবাধিকারের কথা বলা হয় না।
