সংসদের গ্রীষ্মকালীন অধিবেশনেও যাচ্ছে না আওয়ামী লীগ
জাতীয় সংসদের ১২ মে থেকে শুরু হওয়া ষোড়শ অধিবেশনে (গ্রীষ্মকালীন) প্রধান বিরোধী দল আওয়ামী লীগের যোগদানের সম্ভাবনা নেই। দলের একাধিক সূত্র বুধবার বিডিনিউজকে জানান, দলের নীতি নির্ধারক পর্যায়ের মতামত হচ্ছে অধিবেশনে যোগ দিয়ে ‘কার্যত অকার্যকর এ সংসদ’কে কার্যকর করার কোনও সুযোগ নেই।
দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে বলেন, সংসদ থেকে পদত্যাগ বা সংসদ বয়কটের সিদ্ধান্ত আমরা এখনও নিই নি। তবে এ মুহূর্তে আমরা সংসদে যাচ্ছি না।
অবশ্য আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) বৈঠকে এ বিষয়ে কৌশল ও করণীয় নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সূত্র জানিয়েছে। ১২ মে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আব্দুল জলিল বলেন, সংসদে যাওয়ার কোনও পরিবেশ নেই। সরকারি দল আমাদের দায়িত্ব পালন করতে দিচ্ছে না। তাই এ সংসদে যাচ্ছি না আমরা। নেত্রীও (শেখ হাসিনা) ইতোমধ্যেই তা বলে দিয়েছেন।
সংসদে বিরোধী দলীয় উপনেতা এ্যাডভোকেট আব্দুল হামিদ বুধবার বিডিনিউজকে বলেন, অধিবেশন বসতে আরো ২১ দিন বাকি। এ সময়ের মধ্যে দেশের পরিস্থিতি কী হয়, মূলত তার ওপরই আমাদের সংসদে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে । তবে এখন পর্যন্ত আমরা আগের অবস্থানেই আছি।
বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ বিডিনিউজকে বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এ অধিবেশন ডাকা হয়েছে। কার্যদিবস চার/পাঁচ দিনের বেশি হয়তো হবে না। এ অধিবেশন তেমন গুরুত্বপূর্ণ হবে বলেও মনে হয়না। আর যে সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না, সরকার নিজেদেরই দায়-দায়িত্ব পালন করে না, সে সংসদে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।
জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন থেকে প্রধান বিরোধী দল সংসদ বর্জন করে আসছে।
