কিবরিয়া হত্যার প্রতিবাদে নিহতের ছয় বোনের প্রতীক অনশন
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ্ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে নিহতের ছয় বোন বৃহস্পতিবার বিকেলে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছেন।
ঢাকার শ্যামলীর এসওএস শিশুপল্লীর পশ্চিম দিকের রাস্তার ফুটপাথে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কর্মসূচি শেষে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী ও বিচারপতি কেএম সোবহান কোমল পানীয় পান করিয়ে তাদের অনশন ভাঙ্গান।
শাহ্ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া ছাড়াও নিহতর নিকটাতœীয়সহ প্রচুর সংখ্যক শুভানুধ্যায়ী ‘শান্তির সপক্ষে নীলিমা’ কর্মসূচিতে অংশ নিয়ে তাদের সংহতি প্রকাশ করেন।
অনশনকারী কিবরিয়ার ছয় বোন হচ্ছেন: শিরীন ইসলাম, সুরাইয়া হোসেন, শরীফা মোসাব্বির, আশরাফি সিদ্দিক, শাফিয়া রহমান ও ফওজিয়া শাহেদ।
লিখিত বক্তব্যে অনশনকারীরা বলেন, নৃশংস এ হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি। সরকার যে তদন্ত রিপোর্ট দিয়েছে তাতে হত্যাকারী চক্রের মূল হোতা, গ্রেনেড সরবরাহকারী ও গ্রেনেড প্রাপ্তির উৎস সম্বন্ধে কোনো উল্লেখ নেই। তাই আমরা ওই তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করছি।
তারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা একযোগে আওয়াজ তুলুন, যাতে হবিগঞ্জ হত্যাকাণ্ডসহ এ জাতীয় রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হয়। দেশবাসী যেনো ওই চক্রান্তকারী ও ঘাতকদের হাত থেকে মুক্তি পায়।
বক্তারা শাহ্ এএমএস কিবরিয়ার জীবন ও কর্মের ওপর আলোচনা করতে গিয়ে বলেন, সরকার এ হত্যাকাণ্ডের বিচার না করলে বাংলার মানুষ বিচার করবে।
সমাবেশ থেকে জানানো হয়, কিবরিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী ৮ এপ্রিল শুক্রবার বিকাল ৩ টায় ঢাকার মুক্তাঙ্গনে কাফনের সাদা কাপড় পরে অনশন কর্মসূচি পালন করা হবে।
