২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ১৪ দলের শান্তিপূর্ণ গণ-অনাস্থা মানব প্রাচীর কর্মসূচি পালিত

আওয়ামীলী লীগসহ ১৪ দলের আহ্বানে রোববার সারাদেশে শান্তিপূর্ণভাবে গণ-অনাস্থা মানব প্রাচীর কর্মসূচি পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা, ২১ আগস্ট আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলা, দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি, সাম্প্রদায়িক শক্তির উত্থান ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জোট সরকারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে বিকেল ৪ টা থেকে ১৪ দলের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে হাতে হাত রেখে মানবপ্রাচীর তৈরি করে।

খুলনা থেকে আমাদের প্রতিনিধি জানান, নেতা কর্মীরা নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে শহীদ হাদিস পার্কের সামনে পর্যন্ত এবং পিকচার প্যালেস মোড় থেকে ডাকবাংলা মোড় পর্যন্ত অনাস্থা প্রাচীর সৃষ্টি করে।

কর্মসূচি পালনকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা মুন্নুজান সুফিয়ান, মহানগর সভাপতি আলহাজ্ব তালুকদার আ. খালেক এমপি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা সভাপতি হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা, সিপিবি’র নগর সভাপতি এড. ফিরোজ আহমেদ, জেলা সভাপতি শেখ মনিরুজ্জামান, ওয়ার্কার্স পার্টির কমরেড হাফিজুর রহমান, জাসদের মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বান্দরবান থেকে আমাদের প্রতিনিধি জানান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি’র নেতৃত্বে পার্বত্য জেলা বান্দরবানে দীর্ঘ পাঁচ কিলোমিটার ব্যাপী মানব প্রাচীর কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে পাহাড়ী-বাঙালী নির্বিশেষে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। কর্মসূচি শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

ঝালকাঠি থেকে আমাদের প্রতিনিধি জানান, রোববার ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সদর চৌমাথায় বিকেল ৪ টা থেকে ঘন্টাব্যাপী গণ অনাস্থা মানব প্রাচীর কর্মসূচি পালিত হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা বক্তৃতা করেন।  

রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি জানান,  কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুদুল হক ডুলু, সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক নওশের আলী প্রমুখ।

ফেনী থেকে আমাদের প্রতিনিধি জানান, ফেনীতে বিকেল ৪ টা থেকে ঘন্টাব্যাপী গণ-অনাস্থা মানব প্রাচীর কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহাম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান বি.কম সহ জোটের অন্যান্য স্থানীয় নেতা-কর্মী বক্তৃতা করেন।

শেরপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা স্থানীয় নিউ মার্কেট মোড় থেকে থানা মোড় পর্যন্ত গণ-অনাস্থা মানব প্রাচীর কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট ট্রফিক বস্ত্র মোড়ে সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আতিউর রহমান আতিক এমপি, ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল বক্তৃতা করেন।

অন্যদিকে জাসদও নিউ মার্কেট মোড় থেকে শহীদ বুলবুল সড়ক পর্যন্ত মানব প্রাচীর কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং অন্যান্য নেতা কর্মী বক্তৃতা করেন।

কিশোরগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৪ টায়  আওয়ামী লীগের উদ্যোগে মানব প্রাচীর কর্মূসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজজাহান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন ঠাকুর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এফ এম ওবায়দুল্লাহ প্রমুখ নেতৃত্ব দেন। অন্যদিকে, জেলা কমউনিস্ট পার্টি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে  নেতৃত্ব দেন কমিউনিস্ট পার্টির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।

সিরাজগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগ ও জাসদের নেতৃত্বে সিরাজগঞ্জে বিকেল ৪ টা থেকে ঘন্টাব্যপী মানব প্রাচীর কর্মসূচি পালিত হয়।

আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রাচীরে নেতৃত্ব দেন স্থানীয় আওয়মী লীগ নেতা শহিদুল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন রতু, সাবেক এমপি আব্দুল লতিফ মীর্জা, এডভোকেট গোলাম হায়দার প্রমুখ।অন্যদিকে শহরের বিএ কলেজ রোডে অনুষ্ঠিত গণ-অনাস্থা মানব প্রাচীরে নেতৃত্ব দেন জাসদ নেতা আ. হাই তালুকদার, ডা. জহুরুল হক রাজা, ইমতিয়াজ আলী কুমকুম প্রমুখ।

মৌলভিবাজার থেকে আমাদের প্রতিনিধি জানান, মৌলভিবাজারের চৌ-মহনা চত্বরে বিকেল ৪ টা থেকে আওয়ামী লীগ, জাসদ ও ১১ দলের ঘন্টাব্যাপী মানব প্রাচীর কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ সভাপতি সৈযদ মহসিন আলী, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ, আ. ওয়াদুদ, জাসদ নেতা আব্দুল হক, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জাফর আহমদ, গণ ফোরাম নেতা বকসি ইকবাল প্রমুখ।

যশোর থেকে আমাদের প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের দড়াটানা থেকে চৌরাস্তা পর্যন্ত আওয়ামী লীগ, ন্যাপ, জাসদ ও ১১ দলের নেতৃত্বে মানব প্রচীর কর্মসূচি পালিত হয়।

মুন্সিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি জানান, সাবেক সাংসদ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে শহরের পুরণো কাচারী চত্বর থেকে সিঙ্গার পয়েন্ট পর্যন্ত মানব প্রাচীর কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল হোসেন, এডভোকেট আব্দুল মতিন, এডভোকেট শাহ আলম, ডা. ইকবাল প্রমুখ।

টাঙ্গাইল থেকে আমাদের প্রতিনিধি জানান, বিকেল ৪ টায় শহরের শহীদ মিনার থেকে পুরাতন বাসস্ট্যাণ্ড পর্যন্ত মানব প্রচীর কর্মসূচিতে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।