ছাত্রলীগ ও ছাত্রদলের ওপর শিবিরের হামলার প্রতিবাদ
বাংলাদেশ ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্র জোট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার প্রতিবাদ জানিয়েছে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনও মূল্যে শিবিরকে হঠাতে হবে।
তারা বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে বিতাড়িত করতে সহযোগিতা করার জন্য ছাত্রদল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, দেরিতে হলেও ছাত্রদল বুঝতে পেরেছে, মৌলবাদীরা সকল শিক্ষা প্রতিষ্ঠান দখলের পাঁয়তারা করছে।
তারা বলেন, জামাত-ই-ইসলামী উদার বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে।
ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার বলেন, শিবির দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করে অস্ত্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের হল ও হোস্টেলগুলো দখল করতে চাচ্ছে।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হেয়ায়েত উদ্দিন হিমু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি মোমিন পাটওয়ারীসহ অন্যান্য নেতা সমাবেশে বক্তব্য রাখেন।
এর আগে ছাত্রলীগ শিবিরের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে একটি মিছিল বের করে।
এদিকে প্রগতিশীল ছাত্র জোটও একই ইস্যুতে ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে।
ডাকসু’র সামনে এক সমাবেশে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরসহ অন্যান্য মৌলবাদী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
জোটের সভাপতি খালেকুজ্জামান লিপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি বাকী বিল্লাহ এবং অন্যান্য নেতা এতে বক্তব্য রাখেন।
