বিএনপির একশ্রেণীর লোক আমাদের পরিবারের মানহানির চেষ্টা করছে: চীফ হুইপের পরিবার
চীফ হুইপের পরিবারের সদস্যরা মঙ্গলবার অভিযোগ করেছেন, খন্দকার আকতার হামিদ পবনের গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির একশ্রেণীর লোক তাদের ঐতিহ্যবাহী পরিবারের মান সম্মান জনসম্মুখে ক্ষতিগ্রস্থ এবং রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে।
পবনের বড় ভাই অ্যাডভোকেট আবদুল হামিদ ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আইনী লড়াইয়ে জামিন পাওয়ার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ডিটেনশন দেওয়া হয়। মামলার এফআইআর-এ পবনের নাম ছিল না বলেও বিবৃতিতে হামিদ উল্লেখ করেন।
ডাবলু আরো জানান, পবন জামিন পাওয়ার পর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার কামরুল হাসানকে ফোন করলে জেলার তাকে জানান, বর্তমান সরকারের সময় প্রথমবারের মতো কারো প্রিভেনটি ডিটেনশনের আদেশ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে জারি করা হয়েছে।
হামিদ জানান, তার ভাই পবনের জামিন-আদেশ মঞ্জুর হওয়ার পর তিনি তার আইনজীবীসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেলে একজন জেল পুলিশ তাকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে পবনের এক মাসের ডিটেনশন হয়েছে।
‘আমাদের আইনজীবীগণ জেলার কামরুল ইসলামের সাথে দেখা করে ডিটেনশনের কাগজ দেখার জন্য জেলগেটে তিনঘন্টা অপেক্ষা করেছে। কিন্তু জেল গেট থেকে আমাদের জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে আমাদের কোন কাগজ দেখানো যাবে না’, হামিদ বলেন।
তিনি বলেন, ‘পরিবারের কেউ যদি কোন অপরাধ করে তবে তাকে পারিবারিক অনুশাসনের মাধ্যমে সংশোধন করা উচিত। কিন্তু জনসম্মুখে তাকে অপদস্ত ও হেয়প্রতিপন্ন করে, পুলিশ ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কারো ক্যারিয়ার ধ্বংস করা কোন রাজনৈতিক দলের মতাদর্শ হতে পারে না।’
