২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগ্রাম শেষ হয়নি, মুক্তিযুদ্ধের শত্র“দের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে : শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিপ্রেমী বাঙালির সংগ্রাম এখনও শেষ হয়নি। স্বাধীনতার পরাজিত গোষ্ঠী এখন ক্ষমতাসীন। ওই অপশক্তি এখনও একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে আবারও রুখে দাঁড়াতে হবে। এ লক্ষ্যে তিনি স্বাধীনতার পক্ষের প্রকৃত দেশপ্রেমিক সকল বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান  তিনি। শেখ হাসিনা বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে নিয়ে ক্ষমতায় এসেছে। পরাজিত সেই শক্তি এখন তাদের ’৭১-এর অসমাপ্ত কাজ সমাপ্ত করছে। সারাদেশে তারা সন্ত্রাস, গ্রেনেড ও বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। হত্যা-নির্যাতন চালিয়ে তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়।  

শেখ হাসিনা অভিযোগ করে বলেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। বাংলা ভাইসহ সাম্প্রদায়িক গোষ্ঠীর মাধ্যমে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তিনি বলেন, একাত্তরে পাক হানাদাররা এদেশে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, বর্তমান বিএনপি-জামাত জোট সরকার ঠিক সেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে।

বাংলা ভাইকে গ্রেফতারের ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশকে ‘আইওয়াশ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী, তার পরিবার ও জামাতের দুই মন্ত্রীকে ধরে জিজ্ঞাসাবাদ করলেই গ্রেনেড হামলাকারীসহ প্রকৃত সন্ত্রাসীদের নাম বেরিয়ে আসবে।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রীর ঘরের ভেতরেই সাপ। জামাতকে বাঁচাতে সরকার বাইরের লোকদের ধরছে। প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ : আমার অনিয়ত ভাবনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. অজয় রায়। আলোচনায় অংশ নেন অধ্যাপক মুস্তাফা নূর উল ইসলাম, ’৭১ সালে বেতারের মহাপরিচালক হিসেবে দায়িত্বপালনকরী আশরাফুজ্জামান খান, সেক্টর কমাণ্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারকাত ও অধ্যাপিকা মমতাজ লতিফ। এছাড়া অধ্যাপক এ এফ সালাউদ্দিনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।