আল-কায়দার সঙ্গে জামায়াত সরাসরি জড়িত: সাইয়িদ
সাবেক তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাইয়িদ অভিযোগ করে বলেছেন, পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মাধ্যমে জঙ্গী সংগঠন আল-কায়দা বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করছে। জামায়াতে ইসলামী এই প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
শনিবার রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভাবেন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, আল-কায়দার সঙ্গে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সরাসরি জড়িত। ঐতিহ্যগতভাবেই আরএসও এবং জামায়াতের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এরাই মায়ানমারে ক্যাম্প করে ছাত্র শিবিরকে গেরিলা ট্রেনিং দিচ্ছে।
অধ্যাপক সাইয়িদের ‘অঘোষিত যুদ্ধের ব্লু প্রিন্ট’ নামক একটি রাজনৈতিক বই সম্প্রতি এসবি পুলিশ বাজেয়াপ্ত করে। ওই বইয়ের বিষয়-বস্তুর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী ক্ষমা প্রার্থনার জন্য অধ্যাপক সাইয়িদকে উকিল নোটিশ পাঠায়।
এ বিষয়ে তিনি বলেন, বইটি বিপণনের পর পরই আমাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি আমার বিরুদ্ধে মামলা ও হয়রানির অপতৎপরতা চলছে। এসবই সশস্ত্র চক্রের পরিকল্পিত কূট চক্রান্ত।
সংবাদ সম্মেলন থেকে তিনি যুদ্ধাপরাধী জামায়াতÑশিবির চক্রকে প্রতিহত করার আহ্বান জানান।
