২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে চুয়াডাঙ্গা সীমান্তে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক

পুশইন নিয়ে টানা ১০ দিনের উস্কানিমূলক তৎপরতার পর অবশেষে শনিবার বিএসএফ বিডিআরের মধ্যে ব্যাটালিয়ন কমাণ্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 05:04 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ৭৬ নং মেইন পিলারের অদূরে শনিবার সকাল ১০ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিডিআর’র পক্ষে নেতৃত্ব দেন ১৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. আবু সুফিয়ান এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ২ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমান্ড্যান্ট সনোয়াল। এছাড়াও বৈঠকে উভয় পক্ষের উপ-অধিনায়করাও উপস্থিত ছিলেন।

বৈঠকে ১৮ রাইফেলস নিয়ন্ত্রিত চুয়াডাঙ্গার সাড়ে ৮৩ কিমিসহ ১৫৫ কিলোমিটার সীমান্ত পিলার চুরি বন্ধ এবং সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা উন্নতির বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে, এ সীমান্ত দিয়ে আপাতত পুশইনের কোনও ঘটনা ঘটার সম্ভাবনা নেই।

গত ২৩ ফেব্র“য়ারি বুধবার রাতে ওই সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয় বাংলা ভাষাভাষীকে বিএসএফ বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

এ ঘটনার প্রতিবাদ ও পতাকা বেঠকের আমন্ত্রণ জানিয়ে বিডিআর-এর পক্ষ থেকে ৩ দফা পত্র পাঠানো হয়। শেষ পযন্ত ৪ মার্চ বিএসএফ পতাকা বৈঠকে সম্মতি জ্ঞাপন করে। তিন ঘন্টা স্থায়ী এ বৈঠকের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সীমান্তে উত্তেজনার আপাতত অবসান হয়েছে।

উল্লেখ্য, ফেব্র“য়ারির ২৩ তারিখ থেকেই ওই সীমান্ত দিয়ে বিসিএফ টানা ১০ দিন ধরে পুশইনের চেষ্টা করে আসছিল।