২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভোটার তালিকা: বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন

নতুন তালিকায় যাতে ভুয়া ভোটার তালিকাভুক্ত হতে না পারে, এ জন্যে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে এ তালিকা তৈরির কাজ শুরু হবে আগামী ১ জানুয়ারি।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, প্রাথমিক তথ্য সংগ্রহের পর দু’স্তরে যাচাই বাছাই করে ২০০৬ সালের ১ জুন সারা দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে ২৮ ফেব্র“য়ারি প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।

নির্বাচন কমিশন সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, এবার ভোটার তালিকার ফরম ভোটারের নিজেকেই পূরণ করতে অথবা স্বাক্ষর বা টিপসই দিতে হবে। তাই এবার ভোটার তালিকায় ভুয়া ভোটার হওয়ার আশংকা কম।

তিনি জানান, তথ্য সংগ্রহকারী ভোটারের উপস্থিতিতেই তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করবেন। যদি কোনও ভোটার ওই সময় উপস্থিত না থাকেন, তবে তাকে উপস্থিত থাকার জন্যে সময় দেওয়া হবে। সে সময় উপস্থিত না হতে পারলেও  তথ্য সংগ্রহকারী আবার চেষ্টা করবেন।  যাতে বেশি চাপ না পড়ে, সে জন্যে একজন তথ্য সংগ্রহকারীকে মাত্র ৩০০ থেকে ৩৫০ জন ভোটারের তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হবে বলে তিনি বিডিনিউজকে জানান।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ১ জানুয়ারি ভোটার তালিকা তৈরির কাজ শুরুর পর তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে  ৮ জানুয়ারি থেকে। সহকারী রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ২২ জানুয়ারি সরেজমিনে যাচাই শুরু এবং ৩১ জানুয়ারির মধ্যে তথ্য সংগ্রহ ও যাচাই কাজ শেষ হবে।

তবে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কোনও ভুল বা আপত্তি থাকলে তা সংশোধনের জন্যে থানা নির্বাহি কর্মকর্তার বরাররে আবেদন করা যাবে মার্চের ১৬ তারিখ পর্যন্ত। আর আবেদনসমূহের নিষ্পত্তি শেষ করতে হবে ১ এপ্রিলের মধ্যে।

ভোটার তালিকা প্রস্তুতের জন্যে সারা দেশে ৮৩ জন রেজিস্ট্রেশন অফিসার, ৬,২৭০ জন সহকারী রেজিস্ট্রেশন অফিসার, ৫৫,৬৮৪ জন সুপারভাইজার এবং ২১৬,৭২২ জন তথ্য সংগ্রহকারী নিয়োজিত থাকবেন।

জেলা নির্বাচন অফিসারগণ রেজিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।