বিরোধী দল চায় না দেশে বোমাবাজি বন্ধ হোক: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিরোধী দল চায় না দেশে বোমাবাজি বন্ধ হোক। এজন্যে তারা সন্ত্রাসবিরোধী জাতীয় সংলাপের আমন্ত্রণপত্র পর্যন্ত নেয়নি।
তিনি বৃহস্পতিবার যশোরের কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, বোমাবাজদের বিরুদ্ধে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। রাজনীতিক, আলেম--ওলামা, পেশাজীবী সবাই জাতীয় সংলাপে এসেছেন।
জনসভায় প্রধানমন্ত্রী বোমাবাজদের সন্ত্রাসী আখ্যায়িত করে বলেন, এদের মাফ করা হবে না।
তিনি পাড়া--মহল্লায় বোমাবাজদের খুঁজে বের করে ধরিয়ে দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
জেলা বিএনপির সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহীদ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সংসদ সদস্য বেগম সরোয়ারি রহমান, কাজী আলাউদ্দিন, এএম আমিনউদ্দিন, মুহাদ্দিস আবু সাইদ, শাহানারা বেগম, চমনআরা, বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা কমিটির সাধারণ সম্পাক কাজী মুনিরুল হুদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী বলেন, জোট সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিরোধী দল অস্থির, চিন্তিত হয়ে পড়েছে। সে কারণে ট্রাম্প কার্ডের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু দেশবাসী তাদের সে প্রেচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা স্রোতে ভেসে আসিনি। জনগণের দুই তৃতীয়াংশ ভোট নিয়ে সরকার গঠন করেছি। বললেই ক্ষমতা ছেড়ে দেব না। বর্তমান সংবিধান অনুয়ায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ২০০৭ সালে নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধানমন্ত্রী।
দীর্ঘ ৩৬ মিনিটব্যাপী ভাষণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, বোমা মেরে মানুষ হত্যা শুরু হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। অথচ তারা তখন কোনও বোমাবাজ, এমনকি মুফতি হান্নানকেও গ্রেপ্তার করেনি। তখন বোমাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিলে আজ জঙ্গিবাদের উত্থান হতো না।
প্রধানমন্ত্রী বলেন, উদীচী, ছায়ানট, সিপিবির অনুষ্ঠানে বোমা হামলার পর আমরা সরকারের পদত্যাগ দাবি করিনি। অথচ এখন বোমাবাজি বন্ধ করতে তারা সরকারের পদত্যাগ দাবি করছে। জোট সরকার পদত্যাগ করলেই নাকি বোমাবাজি বন্ধ হবে। তিনি প্রশ্ন রাখেন-- তাহলে কি সরকারকে পদত্যাগ করানোর জন্যেই বোমাবাজি করানো হচ্ছে?
জনসভায় প্রধানমন্ত্রী জোট সরকারের চার বছরের উন্নয়নের বিবরণ তুলে ধরে বলেন, চার দলীয় জোট গঠন করা হয়েছে দেশের উন্নয়নের জন্যে। আর বিরোধী ১৪ দলীয় জোট দেশকে ধ্বংসের জন্যে। তারা তত্ত্বাবধায়ক সরকার মানে না। নির্বাচন কমিশনও মানে না। হুমকি দেয়, তাদের কথা না মানলে তারা নির্বাচন হতে দেবে না। অথচ তারা সংসদেও যাবে না। আসলে তারা গণতন্ত্রের নামে দেশে বাকশাল কায়েম করতে চায়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নতি হোক, বিদেশী বিনিয়োগ আসুক বিরোধী দল তা চায়না। তারা দেশকে দুর্বল, পরনির্ভরশীল, অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। সে কারণে বিদেশে গিয়ে অপব্যাখ্যা দিচ্ছে।
প্রধানমন্ত্রী এসময় যশোরের ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এছাড়া একনেকের সভায় পাশ হওয়ার পর যশোরে শিগগিরই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর আগে সকালে যশোরের মতিউর রহমান ঘাঁটিতে বাংলাদেশ বিমানবাহিনীর শতিকালীন গ্রাজুয়েশন কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন। দুপুরে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, সরকারি শিশু পরিবার (বালিকা) উদ্বোধন এবং শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
